শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
স্বাস্থ্য ও চিকিৎসা ভেজাল ওষুধ তৈরির সময় হাতেনাতে ধরা তিনজন

ভেজাল ওষুধ তৈরির সময় হাতেনাতে ধরা তিনজন

জয়পুরহাটের আক্কেলপুরে ভেজাল আয়ুর্বেদী ঔষধ তৈরির সময় হাতেনাতে ধরা পড়ল তিন দুর্বৃত্ত। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাদের তিনজনকে ১৫ দিন মেয়াদে কারাদণ্ড দেন।

উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের ইসমাইলপুর মুন্সিপাড়া গ্রামে নিজ বাড়িতে ভেজাল ঔষধ তৈরি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভেজাল আয়ুর্বেদী ঔষধ তৈরির সময় হাতেনাতে তিন জনকে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ৬০০ লিটার শালসা জাতীয় ভেজাল তরল, ৮৪ বোতল আয়ুর্বেদী ঔষধ জব্দ করে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৪৫ হাজার টাকা। এ ঘটনায় ইসমাইলপুর মুন্সিপাড়া গ্রামের কলিম উদ্দীনের ছেলে রেজাউল করিম, তার ভাই জিল্লুর রহমান এবং একই গ্রামের আবুল হোসেনের ছেলে বেলাল হোসেনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের সদস্যদের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমি হক।

সহকারী কমিশনার ভূমি মৌসুমি হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। তারা নিজ বাড়িতে কোন প্রকার অনুমতি ছাড়াই দীর্ঘদিন থেকে ভেজাল ঔষধ তৈরি করছিল। ভেজাল ঔষধ তৈরির দায়ে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান বলেন, উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ও র‌্যাব সদস্যদের সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়। ভেজালের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। নিয়মিত সকল প্রকার ভেজালের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খুঁজুন