রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক ভেনিসে সিলেট জাতীয়তাবাদী পরিবারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভেনিসে সিলেট জাতীয়তাবাদী পরিবারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইতালির ঐতিহাসিক নগরী ভেনিসে বৃহত্তর সিলেট জাতীয়তাবাদী পরিবারের ব্যানারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অভিবাসী সমাজের দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামের প্রেক্ষাপটে আয়োজিত এ সভায়, সভাপতিত্ব করেন বর্ষিয়ান অভিবাসী মোখলেসুর রহমান। সঞ্চালনায় ছিলেন, তরুণ জাতীয়তাবাদী নেতা মিজানুর রহমান। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য বিএনপি'র সভাপতি এম এ মালেক। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী।

এম এ মালেক তার বক্তব্যে বলেন, ফ্যাসিবাদী আওয়ামীলীগ বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র ও স্বাধীনতাকে ধ্বংস করেছে। ভারতকে অবৈধ সুবিধা দিয়ে দেশের সার্বভৌমত্ব বিপন্ন করেছে। দেশকে পুনর্গঠনের জন্য আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির সরকার প্রতিষ্ঠা করতে হবে।

তিনি আরও বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। ভারতের আধিপত্যবাদ রুখে দিতে হবে এবং বাংলাদেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে হবে।

সভায় প্রধান বক্তা ছিলেন, ইতালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন। তিনি বলেন, মালেক ভাই ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি আন্দোলনে প্রবাসীদের কণ্ঠস্বর ছিলেন। তাকে সংসদে পাঠানো হলে প্রবাসীদের দীর্ঘদিনের দাবিগুলো বাস্তবায়নের সুযোগ তৈরি হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ইতালি বিএনপির সাবেক সভাপতি সাহ তাইফুর রহমান ছোটন বলেন, প্রবাসীদের রাজনৈতিক স্বীকৃতি নিশ্চিত করতে অন্তত ৩০টি সংরক্ষিত আসন জাতীয় সংসদে রাখতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন, ভেনিস বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ সেলিম, রফিকুল ইসলাম ঠাকুর, আরফান মাস্টার, জব্বার মাঝি, আব্দুল মান্নান, যুবনেতা আকবর খান, ফখরুল চৌধুরী, প্রমুখ। তাঁরা সবাই এম এ মালেকের নেতৃত্বে আস্থা প্রকাশ করেন এবং ধানের শীষ প্রতীকে তার মনোনয়ন চূড়ান্ত করার আহ্বান জানান।

আব্দুল আজিজ সেলিম বলেন, প্রবাস থেকে যারা জীবন বাজি রেখে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশ নিয়েছেন, তাদের প্রতি দলীয় হাইকমান্ডের ন্যায্য মূল্যায়ন হওয়া উচিত।

মতবিনিময় সভাটি একদিকে নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে গুরুত্ব বহন করে, অন্যদিকে প্রবাসীদের সংগঠিত করে দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে ভূমিকা রাখবে বলে অভিমত দেন আয়োজকরা।

খুঁজুন