শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি ডিসেম্বর জুড়ে বিএনপির মহাপরিকল্পনা

ডিসেম্বর জুড়ে বিএনপির মহাপরিকল্পনা

রাজনীতি ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধ করতে ডিসেম্বর মাস জুড়ে মাঠে থাকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি। বিজয়ের এই মাসে রাজনৈতিক মাঠে সক্রিয় থাকার পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আরও সুসংহত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দলটির ধারণা, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা মূলত আওয়ামী লীগকে চাঙ্গা রাখা এবং রাজনৈতিক অস্থিরতা তৈরির একটি কৌশল মাত্র। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সংসদ ও সংসদের বাইরে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে দলটি।

চলতি বছরের শেষ মাসটিতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা কঠোরভাবে দমনে সাংগঠনিক সম্পাদকদের নির্দেশ দিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, পতিত সরকারের সমর্থক কোনো গোষ্ঠীর অপতৎপরতা রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রতিহত করা হবে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও যেকোনো অস্থিতিশীলতা মোকাবিলায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অপরাধীদের আইনের আওতায় আনতে দেশজুড়ে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত ফ্যাসিস্ট শক্তি দেশের ভেতরে নাশকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে এবং সরকার জনগণের জানমাল রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে। অন্যদিকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাটিকে একটি রাজনৈতিক কৌশল হিসেবে দেখছে বিএনপি। দলটির নেতারা মনে করছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফিরিয়ে আনতে হবে। এ বিষয়ে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সরকার।

পরিস্থিতি মোকাবিলায় ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকে বসার চিন্তা করছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব। মহান বিজয় দিবস উপলক্ষ্যে সভা, সমাবেশ ও শোভাযাত্রার মতো বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালনের পরিকল্পনাও চূড়ান্ত করা হচ্ছে। স্থানীয় পর্যায়ে পতিত শক্তির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দলটির নীতিনির্ধারকরা। গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখতে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দেওয়া হয়েছে।

খুঁজুন