বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি এ ধরনের হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না

এ ধরনের হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না

রাজনীতি ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গত ১২ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। মধ্যরাতে পরপর চারটি বিস্ফোরণের মাধ্যমে এই ঘটনা ঘটানো হয় বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে এমপি নুসরাত বলেন, হামলাটির ধরন দেখে পেট্রল বোমা হামলা বলে মনে হচ্ছে এবং এর পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হাত রয়েছে। ঘটনার তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা নিষিদ্ধ ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক হুমকি দেওয়া হয়েছিল। এর আগে গত ২৮ অক্টোবর একটি স্প্যাম নম্বর থেকে এবং পরবর্তী সময়েও তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়।

তিনি আরও জানান, যে বাড়িতে এই হামলা হয়েছে সেটি কোনো পরিত্যক্ত সম্পত্তি নয়, বরং এটি তার দাদার তৈরি পৈত্রিক বসতভিটা। এই বাড়িতে একটি পরিবার দীর্ঘদিন ধরে দেখাশোনা করে আসছিল এবং সেখানে তার গবাদিপশুর খামার ছিল। হামলায় একটি শিশু আহত হয়েছে এবং বেশ কয়েকটি গবাদিপশু মারা গেছে। স্থানীয়ভাবে ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তা পেতে দেরি হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পায়।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে নুসরাত বলেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশাপাশি জনপ্রতিনিধিদের জীবনও চরম নিরাপদহীনতার মধ্যে রয়েছে। এ ধরনের কাপুরুষোচিত হামলা চালিয়ে তাদের কোনোভাবেই রাজপথের আন্দোলন থেকে দমিয়ে রাখা যাবে না। অবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার আহ্বান জানান তিনি।

খুঁজুন