শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
শিক্ষা এমবিএ জীবনের তিন শিক্ষা: মিসম্যানেজমেন্ট, পাঁচ আঙুল ও স্ট্যাটাস

এমবিএ জীবনের তিন শিক্ষা: মিসম্যানেজমেন্ট, পাঁচ আঙুল ও স্ট্যাটাস

অনার্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারার দুঃখ-বেদনা দীর্ঘদিন আমাকে তাড়া করত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম কোথাও লেখা দেখলেই বুকটা ধক করে উঠত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিকম অনার্স ও এমকম হিসাববিজ্ঞানে পাস করে ২০০০ সাল থেকে চাকরি-ব্যবসার পাশাপাশি বিসিএসের প্রস্তুতি ও আইন বিষয়ে পড়াশোনা করছিলাম। ২০০৬ সালে এলএলবি পাস করলাম।

চাকরির পাশাপাশি বোট ও ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন ও ভরাট তখন আমার প্রধান ব্যবসা। একটি প্রজেক্ট উন্নয়নের কাজে ২০০৬-০৭ সালে বালুমহাল ইজারা নিতে হয়েছিল, যা ছিল বাংলাদেশের সবচেয়ে বড় বালুমহাল ইজারা। ব্যবসাটি লাভজনক হলেও সামাজিক মর্যাদা বা স্ট্যাটাস তেমন উঁচু ছিল না। লেখাপড়ার সঙ্গে এর সামঞ্জস্যও কম ছিল; বরং কোনো কোনো ক্ষেত্রে এই ব্যবসার কারণে লেখাপড়ার মূল্যও কমে যেত।

জ্ঞান আহরণের তৃষ্ণা আমার প্রবল ছিল।

বার-অ্যাট-ল করার ইচ্ছা ছিল, কিন্তু চাকরি-ব্যবসা রেখে লন্ডনে এক বছর থাকা প্রায় অসম্ভব। তাই এমবিএ-ই ভরসা, তবে প্রেস্টিজিয়াস প্রতিষ্ঠান থেকে। আইবিএর প্রশ্নপত্র দেখে বুঝলাম, সাধ থাকলেও সাধ্য নেই। এক শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিচিত প্রো-ভিসিও জানিয়ে দিলেন, আমার ব্যস্ত রুটিনে তাঁদের এমবিএ অনেক বেশি চ্যালেঞ্জ হবে।

এমন সময় চোখে পড়ল বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ও নর্দান ইউনিভার্সিটির যৌথ ইএমবিএ প্রথম ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি।

 কোর্সটি মূলত বিসিএস ক্যাডারদের জন্য ডিজাইন করা হয়েছিল। সঙ্গে সীমিত সংখ্যক বেসরকারি চাকরিজীবীরও ভর্তির সুযোগ ছিল।

আল্লাহর অশেষ মেহেরবানিতে ভর্তি হওয়ার সুযোগ পেলাম।

শিক্ষক ও সহপাঠীদের ছায়ায়:

বিয়ামের এমবিএ সময়গুলো ছিল জ্ঞান আহরণের এক ব্যতিক্রমী অধ্যায়। আমাদের অধিকাংশ শিক্ষকই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। দেশবরেণ্য শিক্ষকদের মধ্যে ছিলেন ড. সৈয়দ রাশিদুল হাসান, ড. শামসুল হক ও  বাংলাদেশে হিসাববিজ্ঞান শিক্ষার অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত এম. এম. খান।

বিষয়টি অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলেও সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে শিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছিলাম।

শামসুল হক স্যারের ইনভেস্টমেন্ট অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট ক্লাসের ক্যাপ্টেন ছিলাম আমি। বিষয়টি হাতে-কলমে শেখার জন্য স্যারসহ আমরা সবাই মিলে মূলধন সংগ্রহ করে একটি তহবিল গঠন করেছিলাম। ক্যাপ্টেন হিসেবে তহবিল পরিচালনার মূল দায়িত্ব ছিল আমার ওপর।

সেই মূলধন দিয়ে বিভিন্ন কোম্পানির শেয়ার অল্প অল্প করে কেনাবেচা করে কোর্স শেষ হওয়ার আগেই বেশ কিছু টাকা লাভ হয়েছিল। তখন ছিল আমের মৌসুম। স্যার হাসতে হাসতে বলেছিলেন, “লাভের টাকা দিয়ে এবার সবাই আম নিয়ে বাসায় যেতে পারব!”
শ্রেণিকক্ষের পড়াশোনার পাশাপাশি বাস্তব বিনিয়োগের এই অভিজ্ঞতাটি আজও মনে আছে।

হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ক্লাসে এক স্যার বলেছিলেন, “পৃথিবীতে মানুষ ১৬ হাজার প্রকারের। সংক্ষিপ্ত করতে গেলেও অন্তত ১৬ প্রকারের নিচে নামানো সম্ভব নয়।” কথাটির বাস্তবতা জীবনে হাড়ে হাড়ে টের পাচ্ছি। যুগের পর যুগ কাউকে চেনার পরও মনে হয়, মানুষটিকে খুব ভালোভাবে চিনি। অথচ হঠাৎ একদিন তাঁর এমন এক রূপ প্রকাশ পায়, চেনা মানুষটিই অচেনা হয়ে যায়!

আমাদের ব্যাচে ছিলেন প্রশাসন ক্যাডারের কয়েকজন উপসচিব ও দুজন যুগ্মসচিব, দুজন ব্যাংকের ডিজিএম—যাঁদের একজন ছিলেন শিল্প ব্যাংকের ডিজিএম, আমাদের ভবেরচরের ড. মুক্তার হোসেন। পুরো ব্যাচের ক্যাপ্টেন ছিলেন ড. রণজিৎ কুমার বিশ্বাস, যিনি পরবর্তীতে সিনিয়র সচিব হয়েছিলেন এবং লেখক হিসেবেও সুপরিচিত ছিলেন। সহপাঠীদের সবার সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল।

মিসম্যানেজমেন্ট:
তবে প্রথম শিক্ষাটি পেয়েছিলাম একেবারে প্রথম দিনের প্রথম ক্লাসেই।

উদ্বোধনী ক্লাসে বক্তব্য রাখছিলেন সাবেক শিক্ষাসচিব ও বিয়ামের মহাপরিচালক মোহাম্মদ শহীদুল আলম স্যার। পরিচয়পর্ব শেষে তিনি সবার কাছে জানতে চাইলেন, বাংলাদেশের প্রধান সমস্যা কী?
সবাই যাঁর যাঁর মতো উত্তর দিলেন—জনসংখ্যা, দুর্নীতি, মূল্যস্ফীতি, বেকারত্ব, রাজনৈতিক অস্থিরতা ইত্যাদি।

স্যার বললেন, “সবার উত্তরই হয়তো সঠিক, কিন্তু আমার মনে হয়, ‘মিসম্যানেজমেন্ট’।”
তাঁর মতে, আমাদের সব সমস্যার মূলেই রয়েছে এই অব্যবস্থাপনা। অন্য সমস্যাগুলোর সমাধানও অনেকাংশে সঠিক ব্যবস্থাপনার ওপর নির্ভরশীল।

কথাটি আমার মনে গেঁথে যায়। তখন থেকে যেখানে সুযোগ পাই, স্যারের প্রশ্নটি অন্যদেরও করি।
সম্প্রতি কলিমুল্লাহ অনার্স কলেজের শিক্ষার মান উন্নয়নবিষয়ক একটি মিটিংয়েও শিক্ষক মহোদয়দের কাছে একই প্রশ্ন করলাম। আমার ওরিয়েন্টেশন ক্লাসের মতোই সবাই যাঁর যাঁর মতো উত্তর দিলেন।
আমিও শহীদুল আলম স্যারের স্টাইলে তাঁর মিসম্যানেজমেন্টের বাণীটি তাঁদের সামনে তুলে ধরলাম।

পাঁচ আঙুল:
আমার বন্ধু নাসির ২৪তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। বিয়ামে একদিন সে আমাকে রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে বড় ব্যবসায়ী হিসেবে পরিচয় করিয়ে দিল।
চা খেতে খেতে কমিশনার স্যার হাতের পাঁচটি আঙুল মুঠো করে বললেন, “কখনো গ্রিপের বাইরে ব্যবসা করবেন না।”

তিনি যোগ করলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা প্রায়ই এই ভুল করেন এবং পরে বড় ধরনের ঝুঁকিতে পড়েন। কথাটির অর্থ ছিল, নিজের নিয়ন্ত্রণ, দক্ষতা, আর্থিক সামর্থ্য ও তদারকির সীমার বাইরে ব্যবসা সম্প্রসারণ না করা।

পরবর্তী ব্যবসায়িক জীবনে বহুবার গ্রিপের বাইরে ব্যবসা করে সমস্যায় পড়েছি। তখনই বারবার মনে পড়েছে কমিশনার স্যারের মুঠো করা সেই পাঁচ আঙুল।

বিশেষ করে বিগত এক যুগে রাশিয়া, ফ্রান্স, জাপান ও কোরিয়ার বিভিন্ন কোম্পানির সঙ্গে ব্যবসা করতে গিয়ে এখন বুঝতে পারছি, নিজের গ্রিপের বাইরে ব্যবসা করলে কতটা মানসিক ও আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হয়।
এই উপদেশটি আমার পরিচিত ব্যবসায়ী মহলের অনেকের সঙ্গেও গল্পের মাধ্যমে শেয়ার করেছি।

স্ট্যাটাস:
এমবিএ শিক্ষাজীবনে গড়ে ওঠা পরিচয় ও সম্পর্কের বাস্তব প্রতিফলন সবচেয়ে বেশি দেখেছি সরকারি বালুমহালের ইজারাদার হিসেবে। সেখানে পদে পদে সমস্যায় পড়ে সময়ে-অসময়ে এসিল্যান্ড, টিএনও, এডিসি ও ডিসির কাছে ছুটতে হতো।

বালুমহাল নীতিমালা চূড়ান্ত করতে ভূমি মন্ত্রণালয়ের এক যুগ্মসচিব মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জে সরেজমিন তদন্তে আসেন। তিনি ছিলেন আমার এমবিএ ক্লাসমেট, আর আমি ছিলাম সেই ইনভেস্টমেন্ট ক্লাসের ক্যাপ্টেন। তিনি নির্দ্বিধায় সবার সামনে আমাকে সেভাবেই পরিচয় করিয়ে দেন। সে সময় মাঠপর্যায়ের কর্মকর্তাদের অনেকের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে।

আইন ও ইজারার শর্ত অনুযায়ী আমার প্রাপ্য সুবিধাগুলো নিশ্চিত হয়। পেশাগত পরিচিতি ও পারস্পরিক শ্রদ্ধার কারণে প্রশাসনিক যোগাযোগও অনেক সহজ হয়ে যায়।

সেই সময়েরই আরেকটি ঘটনা বলি।
তেজগাঁওয়ে তাঁর অফিসে মরহুম মেজর প্রকৌশলী জসিম উদ্দিন সাহেবের সঙ্গে আমার আনুষ্ঠানিক পরিচয় হয়েছিল। তিনি ছিলেন আমাদের গজারিয়ার অন্যতম সফল ব্যক্তিত্ব—সাবেক উপজেলা চেয়ারম্যান, বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বহু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।
আলোচনার একপর্যায়ে আমার পড়াশোনার কথা জেনে তিনি বুকে টেনে নিয়ে কোলাকুলি করলেন। বললেন, “আমার ধারণা ছিল, তোমার লেখাপড়া তেমন নেই। বালুমহালের ব্যবসা করো!”
এরপর হাসতে হাসতে বললেন, “গজারিয়ার প্রধান দুটি সম্পদ—একটি আলু আর একটি বালু। আমি আছি আলু নিয়ে, তুমি আছো বালু নিয়ে।”

তাঁর সেই আন্তরিকতা, কোলাকুলি আর রসিকতাপূর্ণ কথাগুলো আজও মনে আছে। মৃত্যুর আগ পর্যন্ত তাঁর সঙ্গে আমার সম্পর্ক ছিল গভীর ও নিবিড়।

সেদিন আরও একবার উপলব্ধি করেছিলাম, একজন মানুষকে শুধু তাঁর ব্যবসা বা পেশা দিয়ে বিচার করলে তাঁর প্রকৃত পরিচয়ের অনেকটাই অজানা থেকে যায়।

উচ্চশিক্ষা কেবল জ্ঞান অর্জন বা ডিগ্রি লাভের বিষয় নয়; এটি আত্মবিশ্বাস, পারস্পরিক শ্রদ্ধা ও সামাজিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এমবিএর সেই দিনগুলো পেরিয়ে অনেক বছর কেটে গেছে। কর্মজীবনে কত রকম অভিজ্ঞতা হলো, কত ভুল করলাম, কত সমস্যার মুখোমুখি হলাম! কিন্তু শহীদুল আলম স্যারের মিসম্যানেজমেন্টের কথা, কমিশনার স্যারের পাঁচ আঙুলের উপদেশ এবং সহপাঠীদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্কের মূল্য আজও উপলব্ধি করি।

খুঁজুন