বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
দুই কার্গো এলএনজি আনছে সরকার পদোন্নতিতে জ্যেষ্ঠতা তালিকার জন্য নার্সিং কর্মচারীদের কাগজপত্র জমার নির্দেশ ফেনীর সাবেক এমপি সাঈদ এস্কান্দারের আজ মৃত্যুবার্ষিকী বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ স্থিতিশীল থাকার প্রত্যাশা এডিবির ফিলিপাইনে ভাইস প্রেসিডেন্ট সারাকে অপসারণে ভোটের সীমা কমাল সিনেট ‘মায়ের তরী’ পরিদর্শনে বিমোহিত নরওয়ের রাষ্ট্রদূত বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর শপথ আগামীকাল ডেঙ্গুর প্রজননস্থল ও দখলদারিত্বের বিরুদ্ধে ডিএসসিসির অভিযান ডিজেলচালিত বাস ভাড়া সমন্বয় করে প্রজ্ঞাপন জারি স্থানীয় সরকারের ৫ প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুত প্যানেল স্থাপনে ৩৭০ কোটি টাকা ছাড়
আন্তর্জাতিক ফিলিপাইনে ভাইস প্রেসিডেন্ট সারাকে অপসারণে ভোটের সীমা কমাল সিনেট

ফিলিপাইনে ভাইস প্রেসিডেন্ট সারাকে অপসারণে ভোটের সীমা কমাল সিনেট

ফিলিপাইনের সিনেট বুধবার ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তেকে অভিশংসন বিচারে দোষী সাব্যস্ত করতে প্রয়োজনীয় ভোটের সংখ্যা কমানোর অনুমোদন দিয়েছে। এর ফলে তাকে পদ থেকে অপসারণের পথ সহজ হতে পারে।

সিনেটররা ১৩-১ ভোটে সিদ্ধান্ত নেন, ছয়জন দুতার্তে-সমর্থক সিনেটর ভোটদানে বিরত ছিলেন। সংবিধান অনুযায়ী ‘সিনেটের সব সদস্যের’ দুই-তৃতীয়াংশের দোষী সাব্যস্ত করার যে বিধান রয়েছে, তা শুধু ‘অংশগ্রহণে সক্ষম’ সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

ভাইস প্রেসিডেন্টের অনুগত অন্তত চারজন সিনেটর বর্তমানে অভিশংসন কার্যক্রমে অনুপস্থিত। তাদের মধ্যে দুজন কারাগারে রয়েছেন।

বুধবার বিচারক হিসেবে দায়িত্ব পালনকারী সিনেটর ফ্রান্সিস এসকুদেরো বলেন, এই সিদ্ধান্তের ফলে দোষী সাব্যস্ত করতে প্রয়োজনীয় ভোটের সংখ্যা ১৬ থেকে কমে ১৪ হওয়ায় এটিই পরবর্তী কার্যক্রমে ‘কার্যকর সিদ্ধান্ত’ হিসেবে বিবেচিত হবে।

একমাত্র ‘না’ ভোট দেওয়া এসকুদেরো বলেন, ‘সভাপতি হিসেবে আমি এই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করছি। তবে আদালতের রায় হিসেবে আমি এটি গ্রহণ করছি এবং তা কার্যকর করতে বাধ্য।’

দুতার্তের আইনজীবীরা ভোটের সীমা কমানোর এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন।

দুতার্তের আইনজীবী মাইকেল পোয়া বলেন, ‘সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার অক্ষুণ্ন রেখেই আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করছি। আজ থেকে রায় ঘোষণা পর্যন্ত অনেক কিছুই ঘটতে পারে।’

ভাইস প্রেসিডেন্টের মুখপাত্র পাওলো প্যানেলো বুধবারের ভোটকে ‘সংবিধান পরিবর্তনের’ চেষ্টা বলে অভিহিত করেন।

তিনি বলেন, ‘তাদের লক্ষ্য হলো একটি দোষী সাব্যস্ত করার রায় তৈরি করা। তারা ১৬টি ভোট পাচ্ছে না। তাই ভাইস প্রেসিডেন্ট সারাকে দোষী সাব্যস্ত করতে তারা প্রয়োজনীয় ভোটের সংখ্যা কমাতে চাইছে।’

হাউস অব রিপ্রেজেন্টেটিভস গত ১১ মে দুতার্তের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব অনুমোদন করে। তার বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, দুর্নীতি, ঘুষ এবং একসময়ের মিত্র প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসকে হত্যার কথিত ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

সিনেট তাকে দোষী সাব্যস্ত করলে ভাইস প্রেসিডেন্টের পদ হারাবেন দুতার্তে। একই সঙ্গে তিনি আজীবনের জন্য কোনো পদের নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার হারাবেন।

দুতার্তের দুই মিত্র বর্তমানে দুর্নীতির মামলায় কারাগারে রয়েছেন। আরেকজন আত্মগোপনে রয়েছেন তাকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানায় খোঁজা হচ্ছে।

চতুর্থ একজন চিকিৎসার জন্য দেশের বাইরে রয়েছেন এবং তার বিরুদ্ধেও তদন্ত চলছে।

তবে শুধু তারাই নন। দুতার্তে শিবিরের আরও পাঁচ সিনেটর বর্তমানে সরকারি তদন্তের আওতায় রয়েছেন।

ভোটের আগে পোলস্টার ডব্লিউআর নুমেরোর ক্লিভ আরগুয়েলেস এএফপিকে বলেন, ‘সিনেটে দুতার্তের মিত্রদের ওপর মালাকানাং (রাষ্ট্রপতি ভবন) যে চাপ প্রয়োগ করছে বলে মনে হচ্ছে, তাতে বাস্তবিক প্রত্যাশা হলো প্রশাসন ১৬টি ভোট নিশ্চিত করার চেষ্টা অব্যাহত রাখবে।’

তিনি আরও বলেন, ভোটের প্রয়োজনীয় সংখ্যা কমানো হলেও ১৬টি ভোট পাওয়ার ‘জোরালো সম্ভাবনা’ রয়েছে বলে তিনি মনে করেন।

তবে, মার্কোস বারবার বলে আসছেন, অভিশংসন প্রক্রিয়ায় তার কোনো প্রভাব নেই।

খুঁজুন