শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
গ্রিসের ঐতিহাসিক এথেন্সে ভবন ধসে নিখোঁজ ৬ • সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে রাজবাড়ীতে জিয়া মঞ্চের বিক্ষোভ মিছিল • ঝিনাইদহে ট্রেন কাটা পড়ে নারী নিহত • সিকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প: হোয়াইট হাউস • ডেঙ্গু প্রতিরোধে বরিশালে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান • টাঙ্গাইলে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কৃত্রিম বুদ্ধিমত্তা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত • ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত • বগুড়ায় বিসিকের ‘হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট’ প্রশিক্ষণ শুরু • নির্বাচনের আগে ব্রাজিলে স্পোর্টস বেটিং নিষিদ্ধ করলেন লুলা • ব্রাজিলের সঙ্গে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার মাধ্যমে সম্পর্ক জোরদার চান
আন্তর্জাতিক গ্রিসের ঐতিহাসিক এথেন্সে ভবন ধসে নিখোঁজ ৬

গ্রিসের ঐতিহাসিক এথেন্সে ভবন ধসে নিখোঁজ ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় শুক্রবার ভোরে বিস্ফোরণের পর একটি ভবন ধসে পড়ে। এতে চার পর্যটকসহ ছয়জন নিখোঁজ রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বড় ধরনের গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে।এথেন্সের মেয়র হারিস দুকাস বিস্ফোরণকে ‘অবিশ্বাস্য এক বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেছেন।
তিনি বলেন, বড় ধরনের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে দুই তলা ভবনটি ধসে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ভবনটি ধসে পড়ে। ভবনটি ঐতিহাসিক অ্যাক্রোপলিসের ঠিক নিচে অবস্থিত।

পুলিশ জানিয়েছে, সন্ধ্যার দিকে নিখোঁজ ব্যক্তির সংখ্যা পাঁচ থেকে বেড়ে ছয়জনে দাঁড়ায়।

ঘটনাস্থলে গিয়ে মেয়র দুকাস বলেন, ‘উদ্ধার অভিযান চলছে। সব ধরনের উদ্ধারযন্ত্র এখানে রয়েছে। রাতভর তল্লাশি চালানো হয়।’

তিনি আরও বলেন, ‘এটি খুবই কঠিন সময়। প্রয়োজন হলে আমরা কাজ থামিয়ে নীরব থাকছি, যাতে ধ্বংসস্তূপের নিচে কেউ বেঁচে থাকলে তার কোনো শব্দ শোনা গেলে, তা বোঝা যায়।’

গ্রিসের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ইআরটি জানিয়েছে, নিখোঁজদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিক ও একজন গ্রিক নারী রয়েছেন। তারা ভবনটির দ্বিতীয় তলায় থাকতেন।
প্রথম তলায় স্বল্পমেয়াদি ভাড়ার একটি বাসায় চার মার্কিন পর্যটক অবস্থান করছিলেন।

ছোট একটি সড়কে ঘটে যাওয়া বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। সাধারণত এই এলাকা শত শত বিদেশি পর্যটকের ভিড়ে সরগরম থাকে।

এর আগে ফায়ার সার্ভিস জানিয়েছিল, নিখোঁজদের মধ্যে ভবনের ওপরের তলায় বসবাসকারী দুজন বয়স্ক ব্যক্তি ও নিচের তলার অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়া তিন পর্যটকও রয়েছেন।

গ্রিসের সংবাদ সংস্থা এএনএ জানিয়েছে, উদ্ধারকাজে ৩০ জন দমকলকর্মী, ছয়টি উদ্ধারযান ও তিনটি অনুসন্ধান ও উদ্ধারকারী কুকুর মোতায়েন করা হয়েছে।

এএফপির প্রকাশিত ছবিতে দেখা গেছে, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরাতে খননযন্ত্র ব্যবহার করছেন। ঘটনাস্থলে জীবিত কেউ আছেন কি না, তা শনাক্ত করতে থার্মাল ক্যামেরাও ব্যবহার করা হচ্ছে।

মেয়র দুকাস বলেন, ‘ভবনটির পুরো সামনের সড়ক ও পেছনের সড়কজুড়েও ক্ষয়ক্ষতি হয়েছে।’

‘অবিশ্বাস্য বিপর্যয়’

মেয়র বলেন, ‘আমরা একটি অবিশ্বাস্য বিপর্যয়ের কথা বলছি।’

তিনি জানান, ভবনটির পাশের আরও দুটি ভবনের অবস্থাও অত্যন্ত খারাপ। সেগুলো এখনো দাঁড়িয়ে থাকার মতো নিরাপদ কি না, নাকি সেগুলোও ভেঙে ফেলতে হবে— তা নির্ধারণে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে।

এর আগে পাশের একটি ভবন থেকে দুই নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ধ্বংসস্তূপের আঘাতে আরও একজন সামান্য আহত হয়েছেন।

বিস্ফোরণের কারণে আশপাশের ভবন ও কাছাকাছি পার্ক করা যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভবনটির নিচতলার অ্যাপার্টমেন্টের মালিক মাথাইওস আরতাভানিস গ্রিসের সংবাদমাধ্যম কাথিমেরিনিকে বলেন, তিনি প্রায় ৭০ বছর বয়সী এক বয়স্ক দম্পতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের কোনো সন্ধান পাননি।

পর্যটকদের অন্যতম জনপ্রিয় এলাকা প্লাকা

প্লাকা এথেন্সের অন্যতম জনপ্রিয় পর্যটন এলাকা। গ্রিসের রাজধানীর রোমান আমলের অন্যতম প্রধান স্থাপনা হ্যাড্রিয়ানের আর্চের কাছেই এর অবস্থান।

বর্তমানে গ্রিসে পর্যটনের ব্যস্ত মৌসুম চলছে। ফলে প্রতিদিনই বিপুলসংখ্যক বিদেশি পর্যটকের আনাগোনা থাকে এই এলাকায়।

খুঁজুন