মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
লাইফস্টাইল ঝগড়া চরম পর্যায়ে পৌঁছানোর আগেই থামার উপায়

ঝগড়া চরম পর্যায়ে পৌঁছানোর আগেই থামার উপায়

লাইফস্টাইল ডেস্ক: দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয় নিয়ে সঙ্গীর সঙ্গে তর্কাতর্কি প্রায় প্রতিটি সম্পর্কেই দেখা যায়। তবে কে কার চেয়ে বেশি যুক্তি দিয়ে জিতবেন, এই প্রতিযোগিতায় নামলে সামান্য মতবিরোধও মারাত্মক আকার ধারণ করে। মনস্তত্ত্ববিদদের মতে, তর্ক তীব্র হওয়ার আগেই সাময়িকভাবে আলোচনা থামিয়ে নিজেদের শান্ত করার ‘কুলডাউন পিরিয়ড’ সম্পর্কের তিক্ততা এড়াতে অত্যন্ত কার্যকর। মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে সাতজন মার্কিন মনস্তত্ত্ববিদ ঝগড়ার সময় কখন বিরতি নেওয়া প্রয়োজন এবং এরপর কীভাবে আলোচনায় ফিরতে হবে, সেই কৌশলগুলো তুলে ধরেছেন।

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত রাগের সময় মস্তিষ্কের আবেগ নিয়ন্ত্রণকারী অংশ সক্রিয় হয়ে ওঠে এবং যুক্তিবাদী অংশটি সাময়িকভাবে অকেজো হয়ে পড়ে। ফলে মানুষ আক্রমণাত্মক অবস্থায় চলে যায় এবং শরীরে মানসিক চাপের হরমোনের প্রবাহ অনেক বেড়ে যায়। এই পরিস্থিতিতে সঙ্গীর প্রতি সহমর্মিতা ও কথা শোনার মানসিকতা পুরোপুরি নষ্ট হয়ে যায়। দীর্ঘমেয়াদী এই বৈরী আচরণ মানসিক চাপ বাড়ানোর পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধক্ষমতাও দুর্বল করে দিতে পারে।

তীব্র চাপের শারীরিক ও আবেগীয় কিছু লক্ষণ দেখা দিলেই বুঝতে হবে যে এখনই বিরতি নেওয়া প্রয়োজন। কাঁধে ভারী বোধ হওয়া, বুকে চাপ অনুভব করা, শরীর গরম হওয়া কিংবা মাথা শূন্য হয়ে যাওয়ার মতো লক্ষণ প্রকাশ পায়। এছাড়া রাগের তীব্রতা নির্দিষ্ট মাত্রার ওপরে চলে গেলে বা সঙ্গীকে আঘাত করার তীব্র ইচ্ছা জাগলে বুঝতে হবে সমস্যা সমাধানের বদলে জেতার চেষ্টা চলছে। সম্পর্ক যখন ভালো থাকে, তখনই এই ধরনের বিরতি নেওয়ার নিয়ম বা সংকেত ঠিক করে রাখা উচিত।

বিরতির সময়ে একা বসে সঙ্গী কীভাবে কষ্ট দিয়েছেন তা নিয়ে বারবার ভাবলে রাগ আরও বাড়ার সম্ভাবনা থাকে। স্নায়ুতন্ত্রকে শান্ত করতে এই সময় হাঁটাহাঁটি করা, গভীর শ্বাস নেওয়া বা কোনো সাধারণ কাজে মন দেওয়া উচিত। গবেষণায় দেখা গেছে, মস্তিষ্কের যুক্তিবাদী অংশ পুনরায় সচল হতে অন্তত বিশ মিনিট বা ক্ষেত্রবিশেষে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। তবে আলোচনা অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে রাখা উচিত নয়।

যিনি শান্ত হওয়ার জন্য সময় নিয়েছিলেন, পরবর্তীতে তিনিই কথা বলার জন্য প্রস্তুত আছেন কি না তা সঙ্গীকে জানাবেন। বিরতির পর ফিরে এসে আবার পুরনো দোষারোপ শুরু না করে বরং সঙ্গীর দৃষ্টিভঙ্গি ও অনুভূতি শোনার মানসিকতা নিয়ে আলোচনা শুরু করতে হবে। এই নিয়মের মাধ্যমে একই ঝগড়ার পুনরাবৃত্তি এড়ানো সম্ভব হয় এবং সম্পর্কের দীর্ঘমেয়াদী ক্ষত দূর করা যায়।

খুঁজুন