সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
রেকর্ড গড়া শেষে এবার কত রান করতে চায় বাংলাদেশ • ২০২৫-২৬: ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি বেড়ে ৯২৪৬ মিলিয়ন ডলার • তুরস্ককে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ফ্রান্স • হোটেল সারিনায় ক্রিসমাস কেক মিক্সিং অনুষ্ঠান • ইতালিকে গুঁড়িয়ে শেষ আটে বেলজিয়াম • নাটকীয় লড়াইয়ে স্পেনের ৪৩ ম্যাচের অজেয় যাত্রা থামাল ইংল্যান্ড • তথ্যের অখণ্ডতা সম্মেলন: গণতান্ত্রিক সরকারে স্বাধীন তথ্য কমিশনের আশা • বাউল-ফকিরদের সুর ও সাধনায় শেষ হল ‘চর্যাপদ পুনর্জাগরণ উৎসব’ • ৪৬ বছর বয়সে আবার ফুটবলার হয়ে উঠলেন রোনালদিনিয়ো • ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে চমক জুডো চ্যাম্পিয়ন টেডি রিনার
দেশের খবর কাত্যায়নী পূজা শুরু, বর্ণিল সাজে সেজেছে মাগুরা

কাত্যায়নী পূজা শুরু, বর্ণিল সাজে সেজেছে মাগুরা

সারাদেশ ডেস্ক: ষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মাগুরায় সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা শুরু হয়েছে। এটি মূলত সনাতন সম্প্রদায়ের উৎসব হলেও বর্তমানে মাগুরার ধর্ম-বর্ণ নির্বিশেষে এটি একটি সার্বজনীন প্রাণের উৎসবে রূপ নিয়েছে। পাঁচ দিনব্যাপী এই পূজা চলবে এবং আগামী ২০ নভেম্বর এর সমাপনী হবে। উৎসবকে কেন্দ্র করে পুরো শহরজুড়ে বর্ণিল সাজসজ্জা করা হয়েছে এবং বিভিন্ন স্থানে দৃষ্টিনন্দন গেট ও প্যান্ডেল নির্মাণ করা হয়েছে।

জেলা পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর পুরো জেলায় মোট ১০৬টি মণ্ডপে এই পূজা উদযাপিত হচ্ছে। প্রতিবছর শারদীয় দুর্গা পূজার এক মাস পর এই জাঁকজমকপূর্ণ পূজা অনুষ্ঠিত হয়ে থাকে এবং গত চার দশকে এর ব্যাপ্তি অনেক বৃদ্ধি পেয়েছে। ১৯৫০ সালের দিকে শহরের পারনান্দুয়ালী এলাকায় সতীশ মাঝি আনুষ্ঠানিকভাবে এই পূজা প্রথম শুরু করেছিলেন। বর্তমানে এই আয়োজন মাগুরার মানুষের কাছে প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজার আমেজকেও ছাড়িয়ে গেছে।

শাস্ত্রীয় মতে, দ্বাপর যুগে গোপীরা শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য এক মাসব্যাপী আরাধনা শেষে কাত্যায়নী দেবীর পূজা করে কাঙ্ক্ষিত ফল পেয়েছিলেন। সেই ঐতিহ্য অনুসরণে এই পূজার প্রতিমা ও আয়োজনে দুর্গা পূজার আদলের পাশাপাশি দেবী দুর্গার কোলে শ্রীকৃষ্ণের মূর্তি রাখা হয়। মাগুরার বিভিন্ন মন্দির ও মণ্ডপে পৌরাণিক ঐতিহ্য বজায় রেখে নান্দনিক শৈলীতে প্রতিমা ও প্যান্ডেল সাজানো হয়েছে। নতুন বাজার ও ছানার বটতলায় পূজাকে কেন্দ্র করে জমজমাট মেলা বসেছে, যা পূজা শেষ হওয়ার পরও আরও সাত দিন চলবে।

পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, মাগুরার কাত্যায়নী পূজা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো দর্শনার্থীর উপস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয়। অষ্টমী ও নবমী তিথিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এবং স্থানীয় বাড়িগুলোতে আত্মীয়-স্বজনের আগমন ঘটে। আয়োজকরা শান্তিপ্রিয়ভাবে উৎসব উপভোগ করার জন্য দেশবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন।

উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ সুপার জানান, মণ্ডপগুলোর আশপাশের এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করার পাশাপাশি পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমন্বয়ে টহল জোরদার করা হয়েছে।

খুঁজুন