রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
কৃষি অচলাবস্থা কাটিয়ে চুক্তির দুয়ারে কপ৩১

অচলাবস্থা কাটিয়ে চুক্তির দুয়ারে কপ৩১

কৃষি ও পরিবেশ ডেস্ক: তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত একত্রিশতম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ৩১) দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে একটি নতুন বৈশ্বিক চুক্তির পথে অগ্রগতি অর্জিত হয়েছে। বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় বিভিন্ন পক্ষের মধ্যে ঐকমত্যে পৌঁছানোর লক্ষ্যে সম্প্রতি একটি নতুন সমঝোতা প্যাকেজ ঘোষণা করা হয়। সম্মেলনের সভাপতি দেশ অস্ট্রেলিয়া ও তুরস্ক এই উদ্যোগকে চূড়ান্ত চুক্তির পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে। নির্ধারিত সময়সীমা পার হওয়ার পরও আলোচনা চলায় তা রোববারের প্রথম প্রহর পর্যন্ত গড়ায়।

সম্মেলনের আলোচনাসভার সভাপতি তুরস্কের মুরাত কুরুম জানিয়েছেন, সব পক্ষের কাছে গ্রহণযোগ্য হতে পারে এমন একটি নতুন প্রস্তাব পূর্ণাঙ্গ অধিবেশনে উপস্থাপন করা হয়েছে। আগের খসড়ায় জীবাশ্ম জ্বালানি বন্ধের সুনির্দিষ্ট পদক্ষেপ না থাকায় অনেক দেশ এতে ঘাটতির অভিযোগ তুলেছিল। নতুন এই খসড়ায় জীবাশ্ম জ্বালানি নিয়ে বিভিন্ন পক্ষের উদ্বেগ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থায়ন সহায়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।

অস্ট্রেলিয়া, আয়োজক দেশ তুরস্ক এবং প্রায় ২০০টি দেশের প্রতিনিধিদলের দীর্ঘ ও নিবিড় আলোচনার মাধ্যমে এই নতুন খসড়াটি প্রস্তুত করা হয়। তবে জীবাশ্ম জ্বালানির বৈশ্বিক চাহিদা হ্রাসের সুনির্দিষ্ট উল্লেখ না থাকায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলো খসড়াটির বিরোধিতা করে। অন্যদিকে, আফ্রিকান দেশগুলোর জোট জলবায়ু অভিযোজন কার্যক্রমের জন্য আরও বাড়তি অর্থায়নের নিশ্চয়তা দাবি করেছে। ইউরোপীয় কমিশনের জলবায়ুবিষয়ক কমিশনার ওয়াপক হুকস্ট্রা স্পষ্ট জানিয়েছেন যে প্রয়োজনীয় বিষয়গুলো নিশ্চিত না হলে তারা কোনো চুক্তিতে সম্মত হবেন না।

অস্ট্রেলিয়ার মূল চ্যালেঞ্জ ছিল জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর দাবি এবং জীবাশ্ম জ্বালানি উৎপাদক ও ব্যবহারকারী দেশগুলোর অর্থনৈতিক স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রাখা। জাতিসংঘের পরিবেশবিষয়ক সংস্থা জানিয়েছে, প্রাক-শিল্প যুগের তুলনায় বর্তমান বিশ্বের গড় তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করার পথে রয়েছে। প্যারিস জলবায়ু সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা এই সীমার মধ্যে রাখার ব্যাপারে সম্মত হয়েছিল বিশ্বনেতারা। জাতিসংঘ প্রক্রিয়ার নিয়মানুযায়ী যেকোনো চুক্তির জন্য সব দেশের সর্বসম্মত সম্মতি আবশ্যক হওয়ায় প্রতিনিধিরা তাদের ফিরতি ফ্লাইট পিছিয়ে নেন।

খুঁজুন