রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক অস্ত্র পাচারের অভিযোগে উগান্ডার নাগরিককে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ

অস্ত্র পাচারের অভিযোগে উগান্ডার নাগরিককে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ

মেক্সিকোর মাদকচক্রের কাছে অস্ত্র সরবরাহের ষড়যন্ত্রের অভিযোগে উগান্ডার সেনাপ্রধানের সাবেক ঘনিষ্ঠ সহযোগীকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়েছে। উগান্ডার কারা বিভাগের প্রধান শনিবার এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

ওয়াশিংটন গত জুলাইয়ে ঘোষণা করে যে,  তারা কাতুঙ্গি মাইকেল ম্পেইরওয়ে এবং আরও তিনজনের বিরুদ্ধে প্রায় ৫ কোটি ৪০ লাখ ডলার মূল্যের অস্ত্র সরবরাহের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এসব অস্ত্রের মধ্যে কুখ্যাত কার্টেল দে জালিস্কো নুয়েভা জেনেরাসিয়ন (সিজেএনজি)-এর কাছেও অস্ত্র সরবরাহের পরিকল্পনা ছিল বলে অভিযোগ রয়েছে।

উগান্ডার সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবার ঘনিষ্ঠ সহযোগী ম্পেইরওয়ে এবং তার সঙ্গে অভিযুক্ত বুলগেরিয়া, কেনিয়া ও তানজানিয়ার তিন নাগরিকের বিরুদ্ধে মেশিনগান, রকেট লঞ্চার ও অ্যান্টি-পার্সোনেল মাইন সরবরাহের পরিকল্পনার অভিযোগ রয়েছে।

মার্কিন কৌঁসুলিদের অভিযোগ অনুযায়ী জানা গেছে, তারা মাদকচক্রগুলোর কাছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিমানবিধ্বংসী কামানও সরবরাহের চেষ্টা করেছিল।

উগান্ডার প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি কাইনেরুগাবার বাবা।

উগান্ডার কারা বিভাগের মহাপরিচালক জনসন বায়াবাশাইজা এএফপিকে বলেন, ম্পেইরওয়েকে ‘যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন তিনি তাদের হেফাজতে আছেন।’

উগান্ডার এক নিরাপত্তা কর্মকর্তার তথ্য অনুযায়ী, সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা ও কূটনীতিক ম্পেইরওয়েকে ২৭ জুন কাম্পালার একটি অভিজাত এলাকা থেকে গ্রেফতার করা হয়। দুই দিন পর তাকে আদালতে হাজির করা হয়।

খুঁজুন