মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
সঞ্চয়ে নিম্নমুখী প্রবৃদ্ধির মধ্যেই ৩ মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ২৮% • নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি • আনতালিয়ায় কপ-৩১: মন্থর আলোচনা ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রত্যাশা • নতুন উদ্যোক্তাদের সরকারি কাজে অংশ নেওয়ার সুযোগ বাড়িয়ে আইন পাস • ভাইয়ের বিয়েতে নেচে আলোচনায় মোনামী, বললেন ‘বেশ করেছি’ • প্রবৃদ্ধিতে ফিরেছে এলটিইউ ভ্যাট • সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফুন্নেসার জীবন কেমন ছিল? দেখাবে ‘বেগমআম্মা লুৎফুন্নেসা’ • চাপের মুখে আবার সেঞ্চুরি, লিটন বললেন ‘এটা একটা সুযোগ’ • পোশাক খাতের সংকট নিয়ে সংসদে আলোচনা না হওয়ায় বিরোধীদলীয় নেতার ক্ষোভ • ঋণের প্রতিটি টাকার ‘সর্বোচ্চ সুফল’ নিশ্চিত করতে চায় সরকার: তিতুমীর
অর্থ ও বাণিজ্য সঞ্চয়ে নিম্নমুখী প্রবৃদ্ধির মধ্যেই ৩ মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ২৮%

সঞ্চয়ে নিম্নমুখী প্রবৃদ্ধির মধ্যেই ৩ মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ২৮%

অর্থনীতি ডেস্ক: উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়লেও এবং সামগ্রিক সঞ্চয়ের হার কমলেও সরকারি সঞ্চয়পত্র বিক্রির প্রবণতা বৃদ্ধি পেয়েছে। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে নিট সঞ্চয়পত্র বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৪৮৯ কোটি ৪৪ লাখ টাকা। এর আগের অর্থবছরের একই সময়ে নিট সঞ্চয়পত্র বিক্রির পরিমাণ ছিল ১ হাজার ৯৪৫ কোটি ৫৯ লাখ টাকা। তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, এক বছরের ব্যবধানে এই খাতে বিক্রির প্রবৃদ্ধি প্রায় ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত সেপ্টেম্বর মাস শেষে সঞ্চয়পত্র খাতে সরকারের মোট ঋণ স্থিতি গিয়ে ঠেকেছে ৩ লাখ ৩৬ হাজার ৪৯১ কোটি ৭৯ লাখ টাকায়। এর আগের প্রান্তিক অর্থাৎ জুন মাস শেষে এই ঋণের পরিমাণ ছিল ৩ লাখ ৩৪ হাজার ২ কোটি ৩৫ লাখ টাকা। উল্লেখ্য, এর আগের তিন অর্থজুড়ে সঞ্চয়পত্রের নিট বিক্রি ঋণাত্মক ধারায় ছিল এবং সরকারের কোষাগার থেকে উল্টো অর্থ পরিশোধ করতে হয়েছিল। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে নিট বিক্রি ৬ হাজার ৬৩ কোটি টাকা ঋণাত্মক ছিল।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেনের মতে, বাণিজ্যিক ব্যাংকিং খাতের বিশৃঙ্খলা এবং পুঁজিবাজারের দীর্ঘমেয়াদি মন্দার কারণে সাধারণ মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে। ব্যাংক খাতের তুলনায় সঞ্চয়পত্রে তুলনামূলক বেশি মুনাফা পাওয়ার সুযোগ এবং এটিকে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে বিবেচনা করায় মানুষ এ খাতমুখী হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে, উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও যাদের কিছু অর্থ উদ্বৃত্ত থাকছে, তারা নিরাপদ গন্তব্য হিসেবে সঞ্চয়পত্র বেছে নিচ্ছেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য থেকে জানা যায়, সাম্প্রতিক বছরগুলোতে দেশের জাতীয় ও দেশজ সঞ্চয়ের হার ধারাবাহিকভাবে নিম্নমুখী রয়েছে। দীর্ঘমেয়াদি উচ্চ মূল্যস্ফীতির চাপ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে মানুষের প্রকৃত সঞ্চয় করার সক্ষমতা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের মতে, আয়ের বড় একটি অংশ নিত্যপণ্য ও ভোগ ব্যয়ে চলে যাওয়ার কারণেই মূলত সঞ্চয়ের এই নেতিবাচক প্রবণতা তৈরি হয়েছে।

খুঁজুন