রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক সুইডেনে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু

সুইডেনে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু

সুইডেনে আজ সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে এবার প্রথমবারের মতো উগ্র ডানপন্থীরা সরকারে আসবে, নাকি বামপন্থী বিরোধীরা আবার ক্ষমতায় ফিরবে— তা নির্ধারিত হবে।

দীর্ঘদিন ধরে জনমত জরিপে বামপন্থী জোটের চার দলকে রক্ষণশীল প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের নেতৃত্বাধীন চারদলীয় জোটের চেয়ে বেশ এগিয়ে ছিল বলে দেখা যাচ্ছিল। ওই জোটে উগ্র ডানপন্থী সুইডেন ডেমোক্র্যাটস দলও রয়েছে।

তবে নির্বাচনী প্রচারের শেষ দিকে দুই পক্ষের ব্যবধান কমে এসে প্রায় সমানে সমান অবস্থানে পৌঁছায়।

বিরোধীদলীয় নেতা ও সোশ্যাল ডেমোক্র্যাটসের প্রধান ম্যাগদালেনা অ্যান্ডারসন বলেছেন, বামপন্থী চার দল সংখ্যাগরিষ্ঠতা পেলে, তারা কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা আরও শক্তিশালী করবেন এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সমস্যায় থাকা পরিবারগুলোকে সহায়তা করবেন।

অন্যদিকে বিদায়ী রক্ষণশীল প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, সংগঠিত অপরাধ ও অভিবাসন নিয়ন্ত্রণে তার সরকারের নেওয়া পদক্ষেপ প্রত্যাশিত ফল দেওয়ার পর, এখন তিনি সাধারণ সুইডিশ নাগরিকদের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্ব দেবেন।

গত চার বছর ধরে ক্রিস্টারসন উগ্র ডানপন্থী সুইডেন ডেমোক্র্যাটসের সমর্থনে সরকার পরিচালনা করেছেন। এবার ডানপন্থী চার দল জয়ী হলে প্রথমবারের মতো এই অভিবাসনবিরোধী দলটিকে সরকারে মন্ত্রিত্ব দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

ভোটকেন্দ্রগুলো স্থানীয় সময় রাত ৮টায় বন্ধ হবে। ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জরিপ প্রকাশ করা হবে। এরপর প্রথম নির্ভরযোগ্য ফলাফল কয়েক ঘণ্টা পর পাওয়া যেতে পারে।

খুঁজুন