বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সাফল্যে খুশি স্টিভ ওয়াহ চ্যাম্পিয়ন্স লিগ ড্র : লিগ পর্বের সিডিং পট চূড়ান্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর পাশে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি রাজবাড়ীতে বিভাগীয় কমিশনারের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন চাঁদপুরে কসাই নুর মোহাম্মদ হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতা কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার
আন্তর্জাতিক ভারতীয় দূতকে ইন্দোনেশিয়া-মালয়েশিয়ার তলব

ভারতীয় দূতকে ইন্দোনেশিয়া-মালয়েশিয়ার তলব

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা-নেত্রীর অবমাননাকর মন্তব্যের জেরে দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। মঙ্গলবার (৭ জুন) দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিজেপির দুই নেতা-নেত্রীর অবমাননাকর বক্তব্যে ভারতীয় মুসলিমদের পাশাপাশি আরব ও মুসলিম বিশ্ব ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

মধ্যপ্রাচ্যের একাধিক দেশ ইতিমধ্যে ভারতের রাষ্ট্রদূতদের তলব করে প্রতিবাদ জানিয়েছে। কুয়েতের একটি সুপারমার্কেট ভারতীয় পণ্য সরিয়ে ফেলেছে। বিজেপির তৎকালীন জাতীয় মুখপাত্র নূপুর শর্মা গত সপ্তাহে এক টেলিভিশন বিতর্কে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। পরে বিজেপির দিল্লি শাখার তৎকালীন গণমাধ্যমপ্রধান নবীন কুমার জিন্দালও মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর টুইট করেন।

সমালোচনার মুখে নিজের বক্তব্য প্রত্যাহার করেন নূপুর। আর টুইট মুছে ফেলেন জিন্দাল। দুই নেতা-নেত্রীর অবমাননাকর মন্তব্যের ব্যাপারে প্রথমে চুপ ছিল বিজেপি ও ভারত সরকার। দেশ-বিদেশে সমালোচনার ঝড় উঠলে বিজেপি ও ভারত সরকার নড়েচড়ে বসে। নূপুরকে সাময়িক ও জিন্দালকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করে বিজেপি।

ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়, এসব মন্তব্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজস্ব অভিমত। ভারত সরকারের মনোভাব নয়। ভারত সরকার সব ধর্মের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তেউকু ফাইজাসিয়াহ বলেন, জাকার্তায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত মনোজ কুমার ভারতীকে গত সোমবার তলব করা হয়। ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে মুসলিমবিরোধী বক্তব্যের বিষয়ে ইন্দোনেশিয়া সরকার প্রতিবাদ জানিয়েছে।

বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ ইন্দোনেশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটারে পোস্ট করা বিবৃতিতে বলেছে, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে দুই ভারতীয় রাজনীতিকের অগ্রহণযোগ্য ও অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা জানায় ইন্দোনেশিয়া।

মালয়েশিয়াও দ্ব্যর্থহীনভাবে দুই ভারতীয় রাজনীতিকের অবমাননাকর বক্তব্যের নিন্দা জানিয়েছে। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (৮ জুন) এক বিবৃতিতে বলেছে, ভারতীয় রাজনীতিকদের অবমাননাকর বক্তব্য পুরোপুরি প্রত্যাখ্যানের বিষয়টি তারা ভারতীয় রাষ্ট্রদূতকে জানিয়ে দিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইসলামভীতি অবসানের পাশাপাশি শান্তি-স্থিতিশীলতার স্বার্থে উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধে এক সঙ্গে কাজ করতে ভারতের প্রতি আহ্বান জানায় মালয়েশিয়া।

প্রায় এক দশক ধরে ভারতে ক্ষমতায় আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি। মোদি সরকারের বিরুদ্ধে দেশটির সংখ্যালঘু মুসলিমদের প্রতি বৈষম্যমূলক নীতি গ্রহণের অভিযোগ আছে।

খুঁজুন