মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের প্রধান দুই দলের প্রতীক গাধা ও হাতি হল যেভাবে

যুক্তরাষ্ট্রের প্রধান দুই দলের প্রতীক গাধা ও হাতি হল যেভাবে

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতিতে ডেমোক্রেটিক পার্টির গাধা এবং রিপাবলিকান পার্টির হাতি প্রতীক দুটি অত্যন্ত জনপ্রিয়। প্রতিবার নির্বাচন এলেই রাজনৈতিক কার্টুন, প্রচারের ব্যাজ কিংবা ফ্যাশন বাজারে এই দুই প্রাণীর ছবি দেখা যায়। সান্তা ক্লজ বা আঙ্কেল স্যামের মতো পরিচিত এই প্রতীকগুলোর পেছনে রয়েছে এক ইতিহাস। অধিকাংশ মার্কিন নাগরিক হয়তো জানেন না যে, এই দুটি রাজনৈতিক প্রতীক জনপ্রিয় হয়েছিল একজন স্বাধীনচেতা কার্টুনিস্টের মাধ্যমে।

উনিশ শতকের দ্বিতীয়ার্ধে ‘হার্পারস উইকলি’ পত্রিকায় কাজ করা টমাস নাস্ট ছিলেন আমেরিকার প্রথম প্রভাবশালী রাজনৈতিক কার্টুনিস্ট। কাঠের ব্লকে খোদাই করা সূক্ষ্ম ও বিস্তারিত চিত্রকর্মের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। গৃহযুদ্ধ, পুনর্গঠন প্রক্রিয়ার অসংগতি এবং নিউ ইয়র্কের দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক গোষ্ঠী নিয়ে তিনি ব্যঙ্গচিত্র এঁকেছেন। শৈশবের নিগ্রহের অভিজ্ঞতা থেকে তার কর্মজুড়ে ক্ষমতাবানদের প্রতি বিদ্রূপ এবং নিপীড়িত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ পেয়েছে।

১৮৭৪ সালে প্রকাশিত নাস্টের ‘থার্ড টার্ম প্যানিক’ কার্টুনে রিপাবলিকান পার্টির প্রতীক হিসেবে হাতির পরিচিতি জনপ্রিয় হয়ে ওঠে। এর আগে মধ্যবর্তী নির্বাচনের সময় প্রেসিডেন্ট গ্র্যান্টের তৃতীয় মেয়াদ নিয়ে গুজবের প্রেক্ষিতে তিনি এই কার্টুনটি আঁকেন। সেখানে রিপাবলিকান ভোট লেখা বিশালদেহী একটি হাতিকে পাহাড়ের কিনারে দেখানো হয়েছিল। অন্যদিকে, নাস্টের অনেক আগে প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনের আমল থেকেই ডেমোক্র্যাটদের গাধা হিসেবে চিত্রিত করার প্রচলন ছিল।

নাস্টের সবচেয়ে বড় কৃতিত্ব ছিল মার্কিন রাজনীতিকে একটি বিশৃঙ্খল সার্কাস হিসেবে তুলে ধরা। তিনি প্রতিপক্ষের পাশাপাশি নিজের দল রিপাবলিকান পার্টিকেও দুর্বল ও আতঙ্কিত প্রাণী হিসেবে বিদ্রূপ করেছিলেন। তার কার্টুনে হাতি এবং গাধাকে সবসময় চরম বিশৃঙ্খলার দ্বারপ্রান্তে দেখানো হতো। জীবনের শেষভাগে বিনিয়োগ প্রতারণার শিকার হয়ে তিনি সর্বস্বান্ত হন এবং অসুস্থতা ও আর্থিক দুরবস্থায় তার জীবন কাটে।

পরবর্তীতে নাস্টের সেই অসাধারণ উদ্ভাবনী ক্ষমতার কল্যাবেই হাতি ও গাধা যুক্তরাষ্ট্রের দুই প্রধান দলের অবিচ্ছেদ্য প্রতীকে পরিণত হয়। তার আঁকা ব্যঙ্গচিত্রগুলো কেবল ছবি ছিল না, বরং একেকটি শক্তিশালী রাজনৈতিক বার্তা বহন করত। রাজনৈতিক সংস্কৃতিতে দল দুটির পরিচয় হিসেবে এই দুই প্রাণী আজ বিশ্বজুড়ে পরিচিত। কার্টুনিস্ট টমাস নাস্টের সেই ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গিই মার্কিন রাজনীতিতে স্থায়ী রূপ লাভ করেছে।

খুঁজুন