শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি আন্দোলনে’ একমত বিএনপি-গণসংহতি

আন্দোলনে’ একমত বিএনপি-গণসংহতি

‘যুগপৎ আন্দোলনের বিষয়ে বিএনপি ও গণসংহতি আন্দোলন একমত হয়েছে।’ মঙ্গলবার (৩১ মে) গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আলোচনার মধ্যে অনেকগুলো বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হয়েছি। আপনারা সবাই জানেন, বর্তমান সরকারকে সরাতে না পারলে দেশে কোনও পরিবর্তন আসবে না। এ কারণেই বলে আসছি, একটা গণঅভ্যুত্থান ও গণআন্দোলন প্রয়োজন। দেশের মানুষকে একতাবদ্ধ করে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে এই সরকারকে সরিয়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আমরা একমত হয়েছি।’

তিনি বলেন, ‘বৈঠকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে ও আমরা একমত হয়েছি; এ সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বাতিল করতে হবে, একটা নিরপেক্ষ-নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে, তাদের অধীনে নির্বাচন কমিশন গঠন করতে হবে, একটি নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে ভবিষ্যতে পার্লামেন্ট ও সরকার গঠিত হবে।’

এর আগে দুপুর সোয়া ১২টায় হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। পরে তারা গণসংহতির নেতাদের সঙ্গে বৈঠকে বসেন।

গণসংহতি আন্দোলনের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন দলটির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তার সঙ্গে ছিলেন নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার, হাসান মারুফ রুমি, সম্পাদক মণ্ডলীর সদস্য জুলকারনাইন, বাচ্চু ভুঁইয়া, জুলহাসনাঈন বাবু, দীপক রায় ও কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান।

গত ২৯ মে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসায় জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন-এই সাত দলকে নিয়ে ‘গণতন্ত্র মঞ্চ’ নামে নতুন প্ল্যাটফর্ম গড়ার বিষয়ে মতৈক্য হওয়ার বিষয়টি ঘোষণা দেওয়ার দুই দিন পর বিএনপির সঙ্গে গণসংহতি আন্দোলনের এই বৈঠক হলো।

এর আগে গত ২৪ মে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য, ২৭ মে জোটের শরিক লেবার পার্টির সঙ্গে আলোচনা করেছেন বিএনপির নেতারা। আগামী ১ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে আলোচনার কথা রয়েছে বিএনপির।

খুঁজুন