শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
শিক্ষা হল ছাড়ছেন মাভাবিপ্রবি শিক্ষার্থীরা

হল ছাড়ছেন মাভাবিপ্রবি শিক্ষার্থীরা

মো: হ্নদয় হোসাইন - মাভাবিপ্রবি প্রতিনিধি



সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক করতে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।


আজ বুধবার (১৭ জুলাই) দুপুর থেকে  শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, আলেমা খাতুন ভাসানী হল, শহীদ জননী জাহানারা ইমাম হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ রাসেল হল,জননেতা আবদুল মান্নান হলসহ প্রায় সব হল থেকেই শিক্ষার্থীদের অনেককে বেরিয়ে যেতে দেখা যায়। পরিবেশ স্বাভাবিক হয়ে ক্যাম্পাসে ফিরবেন বলে জানিয়েছেন তারা।


কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে গতকাল সারাদেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ হয়। শিক্ষার্থীদের আন্দোলন সহিংস রূপ নেওয়ায় গতকাল দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একইসঙ্গে শিক্ষার্থীদের হল ত্যাগেরও নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এই নির্দেশনা বাস্তবায়ন করবে বলে বলা হয়।


ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজসহ সকল কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। একইসঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা প্রদান করা হলো।


মাভাবিপ্রবির রেজিস্ট্রার ড. মোহাঃ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশ থেকে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক আজ ১৭ জুলাই ২০২৪ তারিখে অনুষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ের ২৪৩ তম (জরুরী) রিজেন্ট বোর্ড সভার সিদ্ধান্তের আলোকে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের (সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজসহ) সকল শিক্ষাকার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। একই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ২:৩০ টার মধ্যে সকল শিক্ষার্থীকে আবাসিক হল ত্যাগ করে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশ প্রদান করা হলো।


বুধবার সকালে রাসেল  নামের এক শিক্ষার্থী বলেন, আন্দোলন শুরুর পর থেকেই বাবা-মা ফোন দিয়ে বাড়ি চলে যেতে বলছেন। আমাকে নিয়ে উদ্বিগ্ন তারা। কয়েকদিন অপেক্ষার পর আজ বাড়ি যাচ্ছি।


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের এক শিক্ষার্থী বলেন, সংঘর্ষের ঘটনায় খুবই উদ্বিগ্ন। আতঙ্ক কাটছেই না। বাসা থেকে বাবা-মা অনেক ফোন দিচ্ছেন। ওনারা চিন্তা করছেন। তাই চলে যাচ্ছি। ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক হলে ফিরব।

খুঁজুন