শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি জাতীয় সম্মেলনের জোর প্রস্তুতি আ.লীগে

জাতীয় সম্মেলনের জোর প্রস্তুতি আ.লীগে

রোকসানা মনোয়ার : আগামী ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের ঘোষণা দিয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা। তবে দিনক্ষণের ঘোষণা দেওয়া হয়নি। আগামী সপ্তাহে এই ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা। সম্মেলনের রূপরেখা প্রস্তুত করতে দলের দপ্তর সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির বৈঠক। দীর্ঘদিন পর হতে যাওয়া এই বৈঠকে দলের জাতীয় সম্মেলনের তারিখ ঘোষণা দিতে যাচ্ছেন শেখ হাসিনা।

১১ অক্টোবর দলের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের নেতাদের অনির্ধারিত এক বৈঠক হয়েছে। বিশেষ করে গত সম্মেলনের আগে সাব-কমিটিগুলোতে কারা কী দায়িত্ব পালন করেছেন, তার একটি লিস্ট প্রস্তুত করতে বলা হয়েছে। সম্মেলন প্রস্তুতির কমিটিগুলোতে কাদের রাখা যেতে পারে, কাকে কী দায়িত্ব দেওয়া যেতে পারে- এসব বিষয়ে একটি রূপরেখা প্রস্তুত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

অনির্ধারিত ওই বৈঠকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস উপস্থিত ছিলেন।

এদিকে দলের গঠনতন্ত্র অনুযায়ী আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের আগে তৃণমূল অর্থাৎ জেলা-উপজেলা-থানা-ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ের সম্মেলনের মাধ্যমে কমিটিগুলোকে হালনাগাদ করার বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী দীর্ঘদিন সম্মেলন না হওয়া জেলা এবং উপজেলায় সম্মেলনের প্রস্তুতি নিতে দায়িত্বপ্রাপ্তদের নির্দেশনাও দেওয়া হয়েছে। জাতীয় সম্মেলনের আগে তৃণমূলকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে ক্ষমতাসীনদের।

খুঁজুন