শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি পদ্মা সেতু হওয়ায় বিএনপি’র বুকে বড় জ্বালা

পদ্মা সেতু হওয়ায় বিএনপি’র বুকে বড় জ্বালা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু হয়ে যাওয়ায় দেশের মানুষ যখন খুশি তখন বিএনপি ও তার দোসরদের বুকে বড় জ্বালা।


বুধবার সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য নবায়ন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। ঢাকায় সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে চট্টগ্রামসহ সারাদেশের নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, পদ্মার দু-পাড়সহ সারাদেশের জনগণের মধ্যে আজ আনন্দের ফোয়ারা বিরাজ করছে, বিরাজ করছে সাজ সাজ রব।

বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছিলেন পদ্মা সেতু হবে না, এ সরকার কখনো তা করতে পারবে না, -এমন প্রসঙ্গ টেনে সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতু হয়ে গেছে, এখন শুধু উদ্বোধনের অপেক্ষা, তাই বিএনপি ও তাদের দোসরদের বুকে বড় জ্বালা।

আগামী জাতীয় নির্বাচনে বিএনপি দেশের জনগণকে কী দেখাবে? কী উন্নয়ন দেখাবে? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ বিষয়ে বলেন, তাদের দেখানোর কিছু নেই।

তিনি বলেন, হাওয়া ভবনের দুর্নীতি, তারেক রহমানের দুর্নীতি আর তাদের নেত্রীর এতিমের টাকা আত্মসাতের দুর্নীতি ছাড়া জনগণকে দেখানোর মতো বিএনপি’র কিছু নেই।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, ভালো আচরণ করে মানুষকে খুশি করতে হবে, তা না হলে শেখ হাসিনার এতো সাফল্য ও উন্নয়ন ম্লান হয়ে যাবে।

দল থেকে দূষিত রক্ত বের করে দিয়ে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করতে আওয়ামী লীগ নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, চট্টগ্রামের কোন্দল আর দেখতে চাই না, দ্রুত চট্টগ্রাম মহানগর এবং উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন করতে হবে।


খুঁজুন