শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি শিগগিরই বিএনপির কাউন্সিল

শিগগিরই বিএনপির কাউন্সিল

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া ভার্চুয়ালি যোগ দেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর এটাই দলটির স্থায়ী কমিটির প্রথম বৈঠক। এর আগে সর্বশেষ গত ৯ জানুয়ারি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

বিএনপির সূত্রে জানা গেছে, দলের স্থায়ী কমিটির বৈঠকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক জ¦ালানি সংকট এবং দেশে এর প্রভাবসহ চলমান পরিস্থিতি ও সরকারের করণীয় নির্ধারণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈঠকে, দেশব্যাপী হামের প্রাদুর্ভাব, দল ও দলের অঙ্গ সহযোগী সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে গতি বাড়ানো, সংসদে সংরক্ষিত নারী আসনে দলের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত ও ঢাকা দুই সিটি নির্বাচনের বিষয় নিয়েও আলোচনা হয়।

এদিকে স্থায়ী কমিটির বৈঠকের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন নবনিযুক্ত ১৪ জেলা পরিষদ প্রশাসক। এ সময় ১৪ জেলা পরিষদের প্রশাসকসহ উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত প্রমুখ।

খুঁজুন