রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি সংস্কারের রোডম্যাপ ঘোষণা ও নির্বাচনব্যবস্থার আমূল সংস্কার করুন: প্রিন্স

সংস্কারের রোডম্যাপ ঘোষণা ও নির্বাচনব্যবস্থার আমূল সংস্কার করুন: প্রিন্স

নিজস্ব প্রতিবেদক :

সংস্কারের রোডম্যাপ ঘোষণা ও নির্বাচনব্যবস্থার আমূল সংস্কারের কাজ শুরু করার দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। সম্প্রতি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে হত্যা, সারা দেশে ‘মব’, পাহাড়ে হামলা, দেশের বিভিন্ন স্থানে দখলদারিত্ব, চাঁদাবাজি, হুমকি-ধামকি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।


শুক্রবার (২০ সেপ্টেম্বর) নড়াইলে সিপিবির বড়দিয়া শাখা সম্মেলন উপলক্ষে আয়োজিত উদ্বোধনী সমাবেশে এ দাবি জানান তিনি। 


রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘দীর্ঘদিন ধরে স্বৈরশাসনবিরোধী আন্দোলনের গণতান্ত্রিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে কার্যকর ভূমিকা নেওয়ার, নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যকে সামনে রেখে সংস্কারের রোডম্যাপ ঘোষণা ও নির্বাচনব্যবস্থার আমূল সংস্কারের কাজ শুরু করতে হবে।’ 


তিনি বলেন, ‘গ্রামের কৃষক, খেতমজুর, গ্রাম ও শহরের শ্রমজীবী মানুষ দেশকে বাঁচিয়ে রেখেছে। তাদের উপার্জিত অর্থ লুটপাটকারীরা তাদের স্বার্থে আইন করে, নানাভাবে চাঁদাবাজি করে ভাগ বাটোয়ারা করে নেয়। এ অবস্থার পরিবর্তন করতে হবে, এজন্য চলমান ব্যবস্থার পরিবর্তন করতে হবে। এটি পরিপূর্ণভাবে করতে হলে কমিউনিস্ট পার্টিকে শক্তিশালী করতে হবে। পার্টিকে, বামপন্থীদের ক্ষমতায় যেতে হবে।’ 


আগামীতে স্থানীয় সরকারসহ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে নেতা-কর্মীদের আহ্বান জানান সিপিবি সাধারণ সম্পাদক।


তিনি জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের সংগ্রামকে এগিয়ে নেওয়া ও জনজীবনের সংকট সমাধানে জনগণকে সংগঠিত হওয়ার আহ্বান জানান। 


এর আগে বেলা ১১টায় বড়দিয়া পোস্ট অফিস রোডে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়দিয়া বাজারে পথসভায় মিলিত হয় । 


পথসভায় সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সসহ আরও বক্তব্য দেন কেন্দ্র কমিটির সদস্য খুলনা জেলা সভাপতি ড. মনোজ দাস, সিপিবির নড়াইল জেলা সভাপতি ও খাসিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম বরকতউল্লাহ।

খুঁজুন