রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি তত্ত্বাবধায়ক সরকার সুষ্ঠু নির্বাচন করতে পারবেনা : চুন্নু

তত্ত্বাবধায়ক সরকার সুষ্ঠু নির্বাচন করতে পারবেনা : চুন্নু

জহিরুল কবির আমজাদ :জাতীয় পার্টি (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, জাতীয় পার্টি একটি নির্বাচনমুখি দল। এই মুহূর্তে নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে। কেউ চাচ্ছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আবার কেউ চাচ্ছেন, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন। আমরা কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন বিশ্বাস করি না।

জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে এক সভা শেষে এ কথা বলেন তিনি। এর আগে সেখানে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, প্রেসিডিয়াম সদস্য এবং সংসদ সদস্যদের সাথে এক যৌথ সভায় উপস্থিত ছিলেন মুজিবুল হন চুন্নু এমপি।

পরে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে চুন্নু বলেন, নির্বাচিতরা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে না পারলে, কেয়ারটেকার সরকার সুষ্ঠু নির্বাচন করতে পারবেন এর গ্যারান্টি নেই। তিনি বলেন, ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ সালে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হয়েছে। কিন্তু আওয়ামী লীগ ও বিএনপি বক্তব্যে প্রমাণ করেছে, ওই নির্বাচন সুষ্ঠু হয়নি। যদি নির্বাচন কমিশনের উদ্দেশ্য ভালো থাকে এবং সরকার যদি চায়, তাহলেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে। নির্বাচন বিশ্বাসযোগ্য করতে সরকারকে ভূমিকা নিতে হবে। নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে হবে।

তিনি বলেন, চট্টগ্রামের একটি আসন শূন্য হয়েছে। আমরা সেই উপ-নির্বাচনে অংশ নেব। জাতীয় পার্টি ৩০০ আসনেই নির্বাচন করতে প্রস্তুতি নিচ্ছে। তবে সিদ্ধান্ত পরিবর্তনের প্রয়োজন হলে নির্বাচনের আগে পরিবেশ-পরিস্থিতি দেখে আমরা সিদ্ধান্ত নেব।

গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে দাবি করে পার্টির মহাসচিব বলেন, জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই। তিনি বলেন, আজ সকালেও বিরোধীদলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এমপির সাথে কথা হয়েছে। আজকের যৌথ সভায় এরশাদপুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদ অংশ নিয়েছেন। এছাড়া, বহিস্কৃতদের ব্যাপারে যৌথ সভায় আলোচনা হয়েছে। বহিস্কৃতদের বিষয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান সিদ্ধান্ত নেবেন। তবে, যারা ক্ষমার অযোগ্য সাংগঠনিক বিশৃংখলা করেছেন, তাদের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নাও হতে পারে।

এর আগে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভা পরিচালনা করেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি।

খুঁজুন