শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি বিএনপির একাধিক ও জামায়াতের একক প্রার্থী মাঠে সক্রিয়

বিএনপির একাধিক ও জামায়াতের একক প্রার্থী মাঠে সক্রিয়

রাজনীতি ডেস্ক: কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) সংসদীয় আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা শুরু হয়েছে। আসনটি নিজেদের দখলে রাখতে বিএনপির একাধিক নেতা মনোনয়ন পাওয়ার জন্য মাঠে নেমেছেন। পাশাপাশি জামায়াতে ইসলামী তাদের একক প্রার্থী নিয়ে প্রচারণায় সক্রিয় রয়েছে। ফলে এই উপনির্বাচনে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা দেখা দিয়েছে।

গত ১৬ নভেম্বর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ওই আসনের তৎকালীন সংসদ সদস্য ড. ওসমান ফারুক পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। নিয়মানুযায়ী ৯০ দিনের মধ্যে এই শূন্য আসনে উপনির্বাচন সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। বিগত নির্বাচনে ড. ওসমান ফারুক ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন।

আগের নির্বাচনে অল্প ব্যবধানে হেরে যাওয়ায় জামায়াতের একক প্রার্থী কর্নেল (অব.) ডা. জেহাদ খানকে ঘিরে দলের নেতাকর্মীদের প্রত্যাশা অনেক বেশি। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে গোলাম মুহাম্মদ গাউস, জাহাঙ্গীর আলম মোল্লা, সাইফুল ইসলাম ও সারওয়ার হোসেন লিটনসহ চারজন নেতা মনোনয়ন পেতে তৎপরতা চালাচ্ছেন। এই মনোনয়নপ্রত্যাশী চার নেতার মধ্যে তিনজনই করিমগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

বর্তমান হালনাগাদ তথ্য অনুযায়ী এই নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা চার লাখ ১২ হাজার ৬৬৩ জন। এর মধ্যে করিমগঞ্জ উপজেলায় ভোটার রয়েছে দুই লাখ ৯১ হাজার ৫৭ জন এবং তাড়াইল উপজেলায় এক লাখ ২১ হাজার ৬০৬ জন। সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে বিভিন্ন এলাকায় গণসংযোগ, মিছিল ও সমাবেশ চালিয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন।

সবমিলিয়ে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নানা সমীকরণ তৈরি হয়েছে। বিএনপির একাধিক প্রার্থীর মধ্যে শেষ পর্যন্ত কে দলের চূড়ান্ত মনোনয়ন পান তা নিয়ে আলোচনা চলছে। অন্যদিকে জামায়াতের একক প্রার্থীর শক্ত অবস্থানের কারণে উপনির্বাচনের লড়াই বেশ জমজমাট হওয়ার আভাস মিলছে।

খুঁজুন