শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি ‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না’

‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না’

রাজনীতি ডেস্ক: বিদেশে অবস্থানরত নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের তীব্র সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি লাইভ ভিডিও প্রচার করেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের মোহন নামের এক কর্মী। গত ২৫ নভেম্বর থেকে তাঁর ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওটিতে মোহন বিদেশে পালিয়ে থাকা নেতাকর্মীদের দেশে আসার আহ্বান জানিয়ে বিভিন্ন অনিয়ম ও স্বার্থপরতার অভিযোগ তোলেন। স্থানীয় সূত্রগুলোর দাবি, মোহন অতীতে কিশোর গ্যাংয়ের নেতৃত্ব এবং নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

ভাইরাল হওয়া লাইভটিতে মোহন দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে দলের কিছু নেতা তাঁকে নিজেদের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছেন এবং প্রভাব খাটিয়ে মিথ্যা মামলায় জড়িয়েছেন। অথচ দলের দুর্দিনে ওই নেতারাই দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গেছেন এবং বর্তমানে দূর থেকে কর্মীদের নানা কর্মসূচি পালনের নির্দেশ দিচ্ছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্ষমতা থাকাকালীন সময়ে যাঁহারা পদ-পদবি ও নানা সুযোগ-সুবিধা ভোগ করেছেন, তাঁদের কারণে সাধারণ কর্মীদের ওপর মামলার বোঝা চেপেছে।

লাইভে বিদেশে থাকা নেতাকর্মীদের উদ্দেশে মোহন বলেন, দল ক্ষমতায় থাকার সময় তোরা আমাকে মামলায় ঢুকিয়েছিলি এবং এখন বিদেশে পালিয়ে গেছিস। তিনি আরও বলেন, ডিসেম্বরের মাত্র কয়েক দিন বাকি আছে, তোরা দেশে আসছিস না কেন? তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না এবং নেত্রীর জন্য আর কাজ করতে হবে না। তোদের দেওয়া দলীয় মামলার বোঝা এখনো সাধারণ কর্মীদের টানতে হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

বর্তমানে দলের কঠিন পরিস্থিতির কথা উল্লেখ করে মোহন প্রশ্ন তোলেন যে, এখন তিনি বিএনপি-জামায়াতের মামলার লড়াই করবেন নাকি দলীয় মামলার চাপ সামলাবেন। তিনি অভিযোগ করেন যে, বিদেশে বসে অনেকেই এখন নিজেদের মতো করে লিয়াজোঁ করার চেষ্টা করছেন। এই ধরনের আচরণকে তিনি সুবিধাবাদী ও প্রতারণামূলক বলে অভিহিত করেন।

রাজনৈতিক পটপরিবর্তনের পর দলের অভ্যন্তরে কোন্দল ও ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে এই ঘটনাটি স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। দলের ক্ষমতার সময়ে সুবিধাভোগী এবং সংকটের সময়ে বিদেশে অবস্থানকারী নেতাদের ভূমিকা নিয়ে সাধারণ কর্মীদের মধ্যে যে অসন্তোষ রয়েছে, এই লাইভ ভিডিওটি তারই একটি বড় প্রমাণ।

খুঁজুন