বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত খুলনায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন দিনুশার সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে নাটকীয় ড্র শ্রীলংকার
দেশের খবর ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে শোলাকিয়ায় ঈদ জামাত

ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে শোলাকিয়ায় ঈদ জামাত

দেশের সবচেয়ে বড় ও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে এবারও নজিরবিহীন নিরাপত্তা ও শৃঙ্খলার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ঈদুল ফিতরের জামাত। প্রায় ছয় লাখেরও বেশি মুসল্লির উপস্থিতিতে বিশাল এই জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত ১৯৯তম এই জামাতে ইমামতি করেন শহরের বড় বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি পুরো আয়োজনজুড়ে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পুরো এলাকা ছিল নিরাপত্তার চাদরে ঢাকা। মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায় নিশ্চিত করতে নেয়া হয় ব্যাপক প্রস্তুতি। ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় জামাত।

জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা বাসস’কে জানান, এত বড় সমাগম সত্ত্বেও শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয়েছে সবার সম্মিলিত প্রচেষ্টায়। তিনি বলেন, এবারের জামাত ছিল সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ ও সুশৃঙ্খল আয়োজন।
ঈদের আগের দিন থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা কিশোরগঞ্জে আসতে শুরু করেন। অনেকেই খোলা আকাশের নীচে বা অস্থায়ীভাবে রাতযাপন করে ভোরেই ঈদগাহমুখী হন।

ঐতিহ্য অনুযায়ী, জামাত শুরুর আগে শটগানের ফাঁকা গুলির মাধ্যমে সংকেত দেয়া হয়। এরপর নির্ধারিত সময়ে শুরু হয় ঈদের নামাজ।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এতে বিশ্বব্যাপী নির্যাতিত মুসলমানদের জন্যও দোয়া করা হয়।

জামাতে অংশ নেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য মো. শরীফুল আলমসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে এবং শান্তিপূর্ণ দেশ গঠনে দোয়া কামনা করা হয়েছে।

সব মিলিয়ে শোলাকিয়ার এবারের ঈদ জামাত কেবল বড় সমাগমই নয়, বরং সুশৃঙ্খল ও নিরাপদ আয়োজনের এক সফল উদাহরণ হয়ে উঠেছে।

খুঁজুন