রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
‘হ্যান্সি ক্রনিয়ের ম্যাচ-ফিক্সিংয়ের চেয়েও বড় অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারি’ • নিউক্যাসলের মাঠে পয়েন্ট হারাল আর্সেনাল • গোল করার পর স্ট্রেচারে মাঠ ছাড়লেন দুয়ে • মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কথায় বিতর্ক: কীভাবে দেখছে বিএনপি, সরকারের কী পদক্ষেপ? • জাবিতে ৯৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে শেষে হল বিতর্ক উৎসব • দেশে স্বর্ণের দামে আবারও বড় পতন • সালমানের ‘মনস্টার’: বিশেষ দিনে আসছে টিজার, মুক্তি কবে • চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি ঘোষণা, নেতৃত্বে জুয়েল-কৌশিক • ইমনের চার ও ছক্কায় আফগানদের বিদায় করে সেমিতে বাংলাদেশ • শাহজালালে সাড়ে ৭ কেজি ‘সোনার পেস্ট’ উদ্ধার, আটক ৩
আইন আদালত চরফ্যাশনের বনাঞ্চলে ফাঁদ পেতে হরিণ শিকার, বিভিন্ন ঘাট দিয়ে পাচার

চরফ্যাশনের বনাঞ্চলে ফাঁদ পেতে হরিণ শিকার, বিভিন্ন ঘাট দিয়ে পাচার

অপরাধ ডেস্ক: ভোলার চরফ্যাশন উপজেলার উপকূলীয় বনাঞ্চলে একটি সংঘবদ্ধ চক্র বেপরোয়াভাবে বন্য হরিণ শিকার করে আসছে। বনের গভীরে বিভিন্ন ধরনের ফাঁদ পেতে হরিণ শিকারের পর তা গোপনে লোকালয়ে আনা হয়। পরবর্তী সময়ে এসব মাংস সামরাজ মৎস্যঘাট, নতুন স্লুইসগেট ঘাট ও পাঁচকপাট ঘাটসহ বিভিন্ন নৌপথ দিয়ে অন্যত্র পাচার করা হয়। দীর্ঘদিন ধরে চলা এই অবৈধ কর্মকাণ্ডের ফলে উপকূলীয় বনের সমৃদ্ধ জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীরা এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। বিগত বিভিন্ন সময়েও এই অঞ্চলে হরিণ শিকারের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে এবং বন বিভাগ বেশ কিছু অভিযানও পরিচালনা করেছে।

বন বিভাগের তথ্য অনুযায়ী, বন্যপ্রাণী শিকার ও পাচার রোধে অতীতেও বিভিন্ন সময় অভিযান চালানো হয়েছে। অভিযان চালিয়ে জবাই করা হরিণের মাংস ও চামড়া উদ্ধারের পর সংশ্লিষ্ট আইনে আদালতে মামলা দায়ের করা হয়। সম্প্রতি ঢালচর ইউনিয়নের কিছু এলাকাতেও এই অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের মতে, অসাধু চক্রটি গভীর রাতে বনের ভেতর প্রবেশ করে হরিণ শিকার করে এবং তা চরের বিভিন্ন পয়েন্ট দিয়ে পাচার করে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, পূর্বে বনে যে পরিমাণে হরিণ দেখা যেত, বর্তমানে তা অনেক কমে গেছে। বন্যপ্রাণী ছাড়াও চরের গবাদিপশু চুরির অভিযোগও রয়েছে এই চক্রের সদস্যদের বিরুদ্ধে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী জানান, ৫ আগস্ট-পরবর্তী সময়ে এই চক্রটি বনের ভেতর হরিণ শিকারের মাত্রা বাড়িয়ে দিয়েছে। তারা হরিণের মাংস সংরক্ষণ করে বিভিন্ন ঘাটের মাধ্যমে উপজেলা ও এর বাইরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে। সময় ও চাহিদা ভেদে প্রতি কেজি হরিণ ৫০০ টাকা থেকে ২ হাজার টাকায় বিক্রি করা হয়। এভাবে চলতে থাকলে চরফ্যাশনের বন থেকে চিত্রা হরিণ সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়রা অবিলম্বে এসব চক্রের সদস্যদের শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থার আওতায় আনার দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে ঢালচর ইউনিয়ন বন বিভাগের বিট কর্মকর্তা তোসাদ্দেক হোসেন জানান যে তিনি নতুন যোগদান করেছেন এবং বনে টহল ও নজরদারি ইতোমধ্যে জোরদার করা হয়েছে। সাবেক বিট কর্মকর্তা ও ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মাইনুল ইসলাম বলেন, বন্যপ্রাণী অপরাধ রোধে অতীতেও অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে এবং আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণ কমিটির সভাপতি সানজিদুল ইসলাম মনে করেন, উপকূলীয় বন রক্ষার পাশাপাশি বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিত না করলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। পরিবেশবাদীদের মতে, নৌঘাটগুলোতে কড়া নজরদারি এবং নিয়মিত বন টহল পরিচালনা করা এখন সময়ের দাবি।

খুঁজুন