সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
বিজ্ঞান ও প্রযুক্তি এক রাউটারে কয়টা ডিভাইস চলবে, হিসাব মেলাবেন যেভাবে

এক রাউটারে কয়টা ডিভাইস চলবে, হিসাব মেলাবেন যেভাবে

প্রযুক্তি ডেস্ক: নেটওয়ার্কে অতিরিক্ত ডিভাইসের উপস্থিতি থাকলে তা ইন্টারনেটে বাড়তি চাপ তৈরি করে এবং ব্যান্ডউইথের ভাগ নিতে চায়। এর ফলে স্ক্রিনে বাফারিং দেখা দেওয়া, গেমিংয়ে ল্যাগ হওয়া এবং ডাউনলোডে দীর্ঘ সময় লাগার মতো সমস্যা তৈরি হয়। একটিমাত্র আধুনিক স্মার্টফোনও একাই বেশ খানিকটা ব্যান্ডউইথ টেনে নিতে সক্ষম। এই পরিস্থিতিতে ইন্টারনেট সংযোগ কতগুলো ডিভাইস সামলাতে পারবে, সে বিষয়ে কিছু মৌলিক হিসাব মাথায় রাখা জরুরি।

ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে মূলত দুটি সীমাবদ্ধতা বিবেচনা করতে হয়, যার একটি আইএসপির মাধ্যমে আসা সংযোগ এবং অন্যটি রাউটার ও ডিভাইসের মধ্যকার ওয়াই-ফাই সংযোগ। দুর্বল সিগনাল দ্রুতগতির ইন্টারনেট প্ল্যান দিয়ে ঠিক করা যায় না, আবার ধীরগতির প্ল্যানে দ্রুতগতির রাউটারও খুব বেশি সহায়তা করতে পারে না। নির্দিষ্ট কোনো নিয়মে বলা যায় না যে ১০০ এমবিপিএস সংযোগ ঠিক কতটি ডিভাইস সাপোর্ট করবে। তবে একসঙ্গে কতগুলো ডিভাইস চালানো সম্ভব, তার একটি আনুমানিক হিসাব করা যেতে পারে।

উদাহরণস্বরূপ, নেটফ্লিক্স প্রতিটি ফোরকে স্ট্রিমের জন্য অন্তত ১৫ এমবিপিএস সংযোগের পরামর্শ দেয় এবং তিনটি স্ট্রিমের জন্য প্রায় ৪৫ এমবিপিএস সক্ষমতা প্রয়োজন হয়। ঘরে যদি ১০টি ডিভাইস থাকে এবং প্রতিটিতে গড়ে ১০ এমবিপিএস খরচ হয়, তবে ১০০ এমবিপিএস গতিতে অতিরিক্ত কোনো ব্যান্ডউইথ অবশিষ্ট থাকে না। এছাড়া ভিডিও কল বা নিরাপত্তা ক্যামেরার ফুটেজ আপলোড করার ক্ষেত্রে আপলোড স্পিডও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সাধারণত অ্যাসিম্যাট্রিক্যাল ব্রডব্যান্ডের কারণে আপলোড স্পিড ডাউনলোডের তুলনায় কম হয়ে থাকে।

অধিকাংশ পরিবারের জন্য একটি ভালো মানের রাউটার বা মেশ সিস্টেমই যথেষ্ট বলে বিবেচিত হয়। পিসি, কনসোল বা টিভির মতো স্থির ডিভাইসগুলোকে ওয়্যারলেসের বদলে ইথারনেটে যুক্ত করলে ওয়াই-ফাইয়ের ওপর চাপ কমানো সম্ভব। বিজ্ঞাপন যতই আকর্ষণীয় হোক না কেন, তা আইএসপির ব্যান্ডউইথ সীমাবদ্ধতা দূর করতে পারে না। তাই সিস্টেমের কোথায় বাধা তৈরি হচ্ছে তা চিহ্নিত করে হিসাব-নিকাশ করে এগোলেই ভালো ফলাফল পাওয়া যায়।

খুঁজুন