সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় কড়াইল-ভাসানটেক বস্তির উন্নয়নে ‘মডেল প্রকল্প’ নেবে সরকার, সহায়তায় বিশ্ব ব্যাংক

কড়াইল-ভাসানটেক বস্তির উন্নয়নে ‘মডেল প্রকল্প’ নেবে সরকার, সহায়তায় বিশ্ব ব্যাংক

ডেস্ক রিপোর্ট: রাজধানীর কম আয়ের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে কড়াইল এবং ভাসানটেক বস্তিকে কেন্দ্র করে বিশেষ মডেল প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সচিবালয়ে সম্প্রতি বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মঈন খান। বৈঠকে বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে এই জনকল্যাণমুখী প্রকল্পে আর্থিক ও কারিগরি সহায়তার জোরালো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দেশের নগর এলাকায় ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমাতে এবং ঢাকাকে আরও বসবাস উপযোগী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

বর্তমান সরকারের অগ্রাধিকার তালিকায় থাকা এই পরিকল্পনার আওতায় রাজধানীর এক বা একাধিক বস্তিকে মডেল হিসেবে চিহ্নিত করা হবে। আগামী দুই বছরের মধ্যে এসব স্থানে সুনির্দিষ্ট অবকাঠামোগত উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির কাজ শুরু করার আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট মন্ত্রী। তবে এই প্রকল্পে ঠিক কী পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হবে, তা নিয়ে এখনও প্রাথমিক আলোচনা চলছে। পূর্ণাঙ্গ রূপরেখা চূড়ান্ত হওয়ার পর আর্থিক ব্যয়ের সঠিক পরিমাণ গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

বৈঠকে অংশগ্রহণকারী বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমে। এ ছাড়া বিশ্ব ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন। বাংলাদেশ সরকারের এই উন্নয়ন প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করে বিশ্ব ব্যাংক প্রতিনিধিদল জানায়, আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে শহরের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং জনপদে এই পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে। অন্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে নিয়ে স্থানীয় পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে বলে তারা আশাবাদী।

এর পাশাপাশি দেশের উপকূলীয় এলাকার মানুষের জীবনধারা টেকসই করা এবং জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকি মোকাবিলা করার জন্য ইতোমধ্যে ২০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে বিশ্ব ব্যাংক। দ্বিপাক্ষিক ঋণের তুলনায় আন্তর্জাতিক এই দাতা সংস্থাটি তুলনামূলক অনেক কম সুদে অর্থায়ন করে থাকে বলে জানান স্থানীয় সরকারমন্ত্রী। এই কারণেই বাংলাদেশ সরকারের অর্থনৈতিক উন্নয়নে বিশ্ব ব্যাংককে সবসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বিশ্বস্ত অংশীদার হিসেবে প্রধান্য দেওয়া হয় বলে তিনি মন্তব্য করেন।

খুঁজুন