বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক পিএফএ বর্ষসেরা ব্রুনো ফার্নান্দেস

পিএফএ বর্ষসেরা ব্রুনো ফার্নান্দেস

ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস পেশাদার ফুটবলারদের সংগঠন (পিএফএ) নির্বাচিত বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন।

মঙ্গলবার ম্যানচেস্টারে পিএফএর বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে এই সম্মাননা পান ফার্নান্দেস। এ পুরস্কারের দৌড়ে তিনি আর্সেনালের ডেক্লান রাইস ও ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হালান্ডকে পেছনে ফেলেছেন।

সহকর্মী পেশাদার ফুটবলারদের ভোটে নির্বাচিত হয়ে এই পুরস্কার জিতেছেন ফার্নান্দেস। ওল্ড ট্র্যাফোর্ডে এটিই সম্ভবত তার ক্যারিয়ারের সবচেয়ে দুর্দান্ত মৌসুম ছিল। গত মৌসুমে প্রিমিয়ার লিগে রেকর্ড ২১টি অ্যাসিস্ট করেছেন তিনি।

এ ছাড়া শীর্ষ লিগে ৯টি গোল করেন ফার্নান্দেস। তার দুর্দান্ত পারফরম্যান্সে মৌসুমের শেষদিকে ঘুরে দাঁড়িয়ে তৃতীয় হয়ে লিগ শেষ করে ইউনাইটেড। ২০১০ সালে ওয়েইন রুনির পর ফার্নান্দেসই প্রথম ইউনাইটেড খেলোয়াড় যিনি এই পুরস্কার জিতলেন।

ফার্নান্দেস বলেন, “এটি অবশ্যই অত্যন্ত গর্বের মুহূর্ত। আপনি যাদের বিপক্ষে মাঠে খেলেন, তারাই যখন ভোট দেন, তখন নিজের প্রতিপক্ষের কাউকে ভোট দেওয়া সম্ভবত সহজ নয়। তাই এটি সত্যিই খুব ভালো একটি মুহূর্ত।”

২০২০ সালে স্পোর্টিং সিপি থেকে ইউনাইটেডে যোগ দেয়া ৩১ বছর বয়সী ফার্নান্দেস চলতি বছরের ফেব্রুয়ারিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে ২০০টির বেশি গোল এ্যাসিস্টের মাইলফলক ছুঁয়েছেন।

পর্তুগালের এই আন্তর্জাতিক খেলোয়াড় এর আগেই গ্রীষ্মে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন (এফডব্লিউএ) এবং প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন। ফলে এবার তিনটি বড় ব্যক্তিগত পুরস্কার জিতে হ্যাটট্রিক পূর্ণ করলেন তিনি।

ম্যানচেস্টারের অন্য প্রান্তেও এসেছে পুরস্কার। ম্যানচেস্টার সিটির নিকো ও'রেইলি জিতেছেন বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার।

গত মৌসুমে সিটির হয়ে লিগে ৩৪টি ম্যাচ খেলেছেন ও'রেইলি। পেপ গার্দিওলার অধীনে দুর্দান্তভাবে নিজেকে মেলে ধরেন তিনি। এর পুরস্কার হিসেবে ইংল্যান্ডের বিশ্বকাপ দলেও জায়গা পান।

ফেব্রুয়ারিতে ওয়েম্বলিতে আর্সেনালের বিপক্ষে জোড়া গোল করে দলকে কারাবাও কাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

ও'রেইলি বলেন, “আমার দারুণ একটি মৌসুম কেটেছে। যে মৌসুম কাটিয়েছি, তা নিয়ে আমি খুবই গর্বিত। ক্লাবের হয়ে দুটি ট্রফি জিতেছি এবং দেশের হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছি। সবকিছু যেভাবে হয়েছে, তাতে আমি ভীষণ আনন্দিত।”

প্রত্যাশিতভাবেই পিএফএর প্রিমিয়ার লিগ বর্ষসেরা দলে সবচেয়ে বেশি খেলোয়াড় রয়েছে আর্সেনালের পাঁচজন। ম্যানচেস্টার সিটির রয়েছে চারজন। বাকি জায়গাগুলোতে রয়েছেন ফার্নান্দেস ও ব্রেন্টফোর্ডের ইগর থিয়াগো।

পিএফএ পুরস্কার বিজয়ীর তালিকা (পুরুষ)
প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় :
ব্রুনো ফার্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড)
প্রিমিয়ার লিগের বর্ষসেরা তরুণ খেলোয়াড় :
নিকো ও'রেইলি (ম্যানচেস্টার সিটি)
প্রিমিয়ার লিগের বর্ষসেরা দল:

ডেভিড রায়া, জুরিয়েন টিম্বার, গ্যাব্রিয়েল, উইলিয়াম সালিবা (আর্সেনাল); নিকো ও'রেইলি (ম্যানচেস্টার সিটি), ডেক্লান রাইস (আর্সেনাল),  ব্রুনো ফার্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড), রায়ান শেরকি, এন্টোনিও সেমেনিয়ো, আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি), ইগর থিয়াগো (ব্রেন্টফোর্ড)।
চ্যাম্পিয়নশিপের বর্ষসেরা খেলোয়াড় :
হেইডেন হ্যাকনি (মিডলসব্রো)
লিগ ওয়ানের বর্ষসেরা খেলোয়াড় :
ডম ব্যালার্ড (লেটন ওরিয়েন্ট)
লিগ টু-এর বর্ষসেরা খেলোয়াড় :
অ্যারন ড্রিনান (সুইনডন টাউন)

খুঁজুন