মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় রংপুরের প্রতিটি ইউনিয়নে সার ডিলার নিয়োগ করা হচ্ছে

রংপুরের প্রতিটি ইউনিয়নে সার ডিলার নিয়োগ করা হচ্ছে

রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে রংপুর জেলার আটটি উপজেলার প্রতিটি ইউনিয়নে একজন করে সার ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মোট ৭৬টি সার ডিলার পদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়।

গতকাল সোমবার (৩১ আগস্ট) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’-এর আলোকে এ নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের নির্ধারিত শর্ত পূরণ করে আবেদন করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রংপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়নে পাঁচ জন, কাউনিয়ার ছয়টি ইউনিয়নে ছয় জন, গংগাচড়ার নয়টি ইউনিয়নে নয় জন, মিঠাপুকুরের ১৭টি ইউনিয়নে ১৭ জন, পীরগঞ্জের ১৫টি ইউনিয়নে ১৫ জন, পীরগাছার নয়টি ইউনিয়নে নয় জন, বদরগঞ্জের ১০টি ইউনিয়নে ১০ জন এবং তারাগঞ্জের পাঁচটি ইউনিয়নে পাঁচ জন সার ডিলার নিয়োগ দেওয়া হবে।

আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিয়ন বা উপজেলার বাসিন্দা হতে হবে। এ জন্য জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে।

ডিলার হওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়নে নিজ মালিকানায় অথবা ভাড়ায় ন্যূনতম ২৫ টন ধারণক্ষমতার গুদাম থাকা বাধ্যতামূলক।

পাশাপাশি কমপক্ষে ৫ লাখ টাকার ব্যাংক সচ্ছলতার সনদ, ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হালনাগাদ ট্রেড লাইসেন্স এবং টিআইএন থাকতে হবে।

আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। এছাড়া তাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং চলাচলে সক্ষম হতে হবে।

বিজ্ঞপ্তিতে সার ডিলার নিয়োগের ক্ষেত্রে কিছু অযোগ্যতার কথাও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে আগে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সার ডিলারশিপ বাতিল হয়ে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি নতুন করে আবেদন করতে পারবেন না।

একইভাবে ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিও নির্ধারিত শর্ত পূরণ ছাড়া আবেদন করতে পারবেন না। তবে সাজা ভোগের দুই বছর পর আবেদন করার সুযোগ রাখা হয়েছে।

আবেদনকারীদের ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’-এর পরিশিষ্ট-১-এ দেওয়া নির্ধারিত নমুনা ফরম অনুযায়ী আবেদন করতে হবে।

সংশ্লিষ্ট ইউনিয়নের বিপরীতে নীতিমালায় বর্ণিত সব শর্ত পূরণ সাপেক্ষে আবেদন গ্রহণ করা হবে।

নতুন ডিলার নিয়োগের মাধ্যমে জেলার প্রতিটি ইউনিয়নে সার সরবরাহ ও বিতরণ কার্যক্রম আরও সুশৃঙ্খল করার পাশাপাশি কৃষকদের কাছে প্রয়োজনীয় সময়ে সার পৌঁছে দেওয়ার ব্যবস্থা জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

খুঁজুন