বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
খেলাধুলা রোমাঞ্চকর লড়াইয়ে পিএসজির জয়রথ থামাল রোমা

রোমাঞ্চকর লড়াইয়ে পিএসজির জয়রথ থামাল রোমা

স্পোর্টস ডেস্ক: প্রতিযোগিতামূলক ফুটবলে প্রথম দেখায় প্যারিসে রোমার বিপক্ষে দুই গোলে ড্র করেছে ফরাসি ক্লাব পিএসজি। বুধবার রাতের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বের এই রোমাঞ্চকর ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি স্বাগতিকরা। এই ড্রয়ের ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির টানা ১২ ম্যাচ জয়ের দারুণ ধারায় ছেদ পড়ল। একই সঙ্গে আসরে রেয়াল মাদ্রিদকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগও হাতছাড়া হয়েছে তাদের।

ম্যাচের শুরুতেই মারিও এরমোসোর গোলে এগিয়ে গিয়ে পিএসজিকে চমকে দিয়েছিল ইতালিয়ান ক্লাব রোমা। প্রথমার্ধেই সেনি মায়ুলুর কর্নার থেকে হেডে সমতা ফেরান পিএসজির ইল্লিয়া জাবারনি। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে গোল করে লুইস এনরিকের দলকে এগিয়ে দেন বদলি নামা উসমান দেম্বেলে। তবে শেষ দিকে রোমাও একটি পেনাল্টি পায় এবং ডনিয়েল মালেনের সফল স্পট কিকে ম্যাচের সমতা নিশ্চিত হয়।

ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণভাগে সমানতালে লড়েছে রোমা, যাদের ১৩ শটের মধ্যে চারটি ছিল লক্ষ্য বরাবর। অন্যদিকে, শিরোপাধারী পিএসজি ১৫টি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। এই ম্যাচের পর চ্যাম্পিয়ন্স লিগে টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে পিএসজি, যা ফরাসি ক্লাবগুলোর মধ্যে সর্বোচ্চ। এর মাধ্যমে তারা ছাড়িয়ে গেছে লিঁওর গড়া আগের রেকর্ডটি।

পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে পিএসজি। ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চূড়ায় অবস্থান করছে রেয়াল মাদ্রিদ। অন্যদিকে, পাঁচ ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ২৫ নম্বরে রয়েছে রোমা। ইনজুরির কারণে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়াই মাঠে নেমে পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য হয় ফরাসি জায়ান্টরা।

খুঁজুন