বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর সাজেক সড়কে অবরোধ: কৃষিপণ্য ও শিক্ষার্থীদের গাড়ি চলবে

সাজেক সড়কে অবরোধ: কৃষিপণ্য ও শিক্ষার্থীদের গাড়ি চলবে

সারাদেশ ডেস্ক: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বিভিন্ন সংগঠনের ডাকে চলা সড়ক অবরোধ কর্মসূচি চতুর্থ দফায় দ্বিতীয় দিনে গড়িয়েছে। সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে। তবে সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা কমাতে আন্দোলনের সময় সড়কে যান চলাচলে ছাড় দেওয়া হয়েছে।

সম্প্রতি এক যৌথ বিবৃতিতে সংগঠন দুটি জানিয়েছে, নির্দিষ্ট কিছু যানবাহন চলাচলের ওপর থেকে অবরোধের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এর আগে ঘোষিত ছাড়প্রাপ্ত গাড়ির পাশাপাশি এখন থেকে কৃষিপণ্যবাহী পরিবহন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগামী শিক্ষক-শিক্ষার্থীরা যাতায়াত করতে পারবে।

সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্ববায়ক বাবুধন চাকমা এবং সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমার সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। যৌথ সভার আলোচনার মাধ্যমে পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের কৃষক ও ব্যবসায়ীদের স্বার্থের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা উল্লেখ করেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, সাজেকবাসীর পক্ষ থেকে উত্থাপিত পাঁচ দফা ন্যায্য দাবি পুরোপুরি আদায় না হওয়া পর্যন্ত এই অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি চলবে। স্থানীয় জনসাধারণের অধিকার রক্ষায় এই আন্দোলন অব্যাহত রাখার কথা বলেন তারা।

খুঁজুন