মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
বরিশালে ‘সেবা পেতে দেরি’ হওয়ায় চিকিৎসককে মারধর, যুবদল নেতা গ্রেপ্তার • সুরতে কোরআন ও হকিকতে কোরআন • বায়ার্নের অনুশীলন মাঠে ফিরেছেন ভেসোঁ কম্পানি • সরকারি চাকরিতে নিয়োগের অগ্রগতি নেই কেন: সংসদে হাসনাতের প্রশ্ন • স্বামীকে রাজনীতিতে বারণ করলেও ছেলেকে কেন বাধা দেননি সোনিয়া গান্ধী? • চট্টগ্রামে তেলের গুদামে আগুন • শাকিলের ৯৩ রানের পর আব্বাস-সাকিবের ছোবলে চাপে শ্রীলঙ্কা • আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে ‘ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রণালয়’, সংসদে মন্ত্রীর বিবৃতি চাইলেন নাহিদ • চোখের দিকে তাকানো এড়িয়ে চলেন মোদী: স্মৃতিকথায় সোনিয়া গান্ধী • বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে প্রক্টরের কাছে দিল ছাত্রদল
ধর্ম সুরতে কোরআন ও হকিকতে কোরআন

সুরতে কোরআন ও হকিকতে কোরআন

১০ নভেম্বর ২০২৬, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানে উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত প্রায় সবাই ছিলেন কোরআনের শিক্ষক ও শিক্ষার্থী। তাঁদের দেখে মনে পড়ছিল রাসুলুল্লাহ স. এর সেই বাণী:

"তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়।"

মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন:
"যদি আমি এই কোরআন কোনো পাহাড়ের ওপর অবতীর্ণ করতাম, তবে তুমি তাকে আল্লাহর ভয়ে বিনীত ও বিদীর্ণ হতে দেখতে।" —সূরা আল-হাশর, আয়াত ২১।

আমার আধ্যাত্মিক শিক্ষক হযরত মোহাম্মদ মামুনুর রশিদ (রহ.) কোরআনের সুরত ও হকিকত নিয়ে আলোচনা করতেন।

 তিনি বলেছেন, টেবিলের ওপর কোরআন শরীফ রাখলে তার ভারে টেবিল ভেঙে যায় না। অথচ কোরআনের হকিকতের মহিমা বোঝাতে আল্লাহ তাআলা পাহাড় বিদীর্ণ হওয়ার দৃষ্টান্ত দিয়েছেন। 

টেবিলের ওপর থাকে কোরআনের সুরত। আর যে হকিকতের ভারে পাহাড় বিদীর্ণ হয়ে যেত, তা অবতীর্ণ হয় মানুষের অন্তরে।

কিন্তু সেই অন্তর কেমন হতে হবে? আল্লাহ তাআলা বলেন:
"এটি সেই কিতাব, যাতে কোনো সন্দেহ নেই; মুত্তাকীদের জন্য হেদায়েত।" —সূরা আল-বাকারা, আয়াত ২।

পরের আয়াতেই মুত্তাকীদের প্রথম পরিচয় দেওয়া হয়েছে: তারা গায়েবে ঈমান আনে। অতএব কোরআনের হেদায়েত পেতে হলে ঈমান আনতে হবে। ঈমান ছাড়া কোরআনের এই নূর অন্তরে ধারণ করা সম্ভব নয়।

আমার শিক্ষক (রহ.) এ কথা বোঝাতে কোরআনকে ফুলের সঙ্গে তুলনা করেছেন। ফুল থেকে মৌমাছি মধু আহরণ করে, অথচ অন্য কীটপতঙ্গ বা প্রাণী তা পারে না। তেমনি মুত্তাকীগণ কোরআন থেকে হেদায়েত লাভ করেন। কিন্তু যারা মুত্তাকী নয়, তারা কোরআন থেকে হেদায়েত গ্রহণ করতে পারে না, বরং গোমরাহীতে নিমজ্জিত হয়।

 আল্লাহ তাআলা বলেন:
"আমি কোরআনে এমন বিষয় নাজিল করি, যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত; কিন্তু তা জালিমদের ক্ষতিই কেবল বাড়িয়ে দেয়।" —সূরা আল-ইসরা, আয়াত ৮২।

আমরা কোরআন তেলাওয়াত করি, শ্রবণ করি এবং সম্মান করি। কিন্তু কোরআনের শিক্ষা আমাদের অন্তর, চরিত্র ও জীবনকে কতটুকু বদলে দিচ্ছে, সেটিও গভীরভাবে ভেবে দেখা প্রয়োজন।

পবিত্র কোরআন মানবজীবনের জন্য একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। তাই কোরআন মুখস্থ করার পাশাপাশি এর অর্থ ভালোভাবে বুঝতে হবে। এর শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে এবং সাধারণ মানুষের কাছে এর বাণী প্রচার ও প্রসার করতে হবে।

কোরআন অধ্যয়নের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে জাগতিক জ্ঞানও প্রয়োজন। অর্থনীতি, চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশলবিজ্ঞান কিংবা পছন্দের যেকোনো বিষয়ে জ্ঞান অর্জন করা যেতে পারে। এ ধরনের জ্ঞান সাধারণত কোরআন ও হাদিসের সঙ্গে সাংঘর্ষিক নয়। তবে কোনো বিষয় সাংঘর্ষিক হলে তা অবশ্যই পরিহার করতে হবে।

যখন কোনো ব্যক্তি কোরআন ও হাদিসের জ্ঞানের সঙ্গে জাগতিক বিদ্যাও অর্জন করেন এবং সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে অবতীর্ণ হন, তখন সমাজ ও রাষ্ট্র প্রকৃত অর্থে উপকৃত হয়।

আজকের প্রতিযোগিতায় অংশ নেওয়া সব কোমলমতি শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন। যারা পুরস্কার পেয়েছে, তাদের জন্য রইল শুভকামনা। আর যারা পুরস্কার পায়নি, তাদের জন্যও রইল ভালোবাসা ও দোয়া।

এমন সুন্দর আয়োজনের জন্য আয়োজকবৃন্দ, বিচারকমণ্ডলী, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ।

আমাদের প্রত্যাশা, এই সন্তানরা শুধু সুন্দর কণ্ঠের ক্বারি ও হাফেজ হয়েই থেমে থাকবে না। তারা কোরআনের আদর্শে সত্যবাদী, বিনয়ী, সৎ ও উত্তম চরিত্রের মানুষ হিসেবে গড়ে উঠবে। তাদের অন্তরে ধারণ করা কোরআনের নূর আর উত্তম চরিত্রের স্নিগ্ধ সৌরভে সুবাসিত হয়ে উঠুক আমাদের সমাজ, রাষ্ট্র ও সমগ্র বিশ্ব।

মহান আল্লাহ আমাদের সবাইকে কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করার, এর প্রকৃত মর্মার্থ উপলব্ধি করা এবং কোরআনের শিক্ষা অনুযায়ী জীবন যাপনে প্রতিটি ধাপে প্রয়োগ করার তাওফিক দান করুন।
আমিন।

খুঁজুন