বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় তথ্য কমিশনকে গতিশীল ও কার্যকর করার আহ্বান তথ্য অধিকার ফোরামের

তথ্য কমিশনকে গতিশীল ও কার্যকর করার আহ্বান তথ্য অধিকার ফোরামের

জাতীয় ডেস্ক: তথ্য কমিশনকে আরও গতিশীল ও কার্যকর করতে পর্যাপ্ত জনবল এবং বাজেট বরাদ্দ নিশ্চিত করার দাবি জানিয়েছে তথ্য অধিকার ফোরাম। সম্প্রতি তথ্য কমিশনের সঙ্গে এক বৈঠকে সংগঠনটির প্রতিনিধি দল এই আহ্বান জানায় এবং কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করে। স্বাধীন ও কার্যকরভাবে কমিশন পরিচালনায় সহায়তার প্রত্যয় ব্যক্ত করে ফোরামটি বেশ কিছু জোরালো সুপারিশ তুলে ধরেছে।

ফোরামের বিবৃতিতে বলা হয়, প্রধান তথ্য কমিশনার ও অন্যান্য কমিশনারদের অপসারণের প্রক্রিয়া সুপ্রিম কোর্টের বিচারকদের অনুরূপ হওয়ায় তাদের পদমর্যাদাও যথাক্রমে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকদের সমতুল্য হওয়া দরকার। কমিশনারদের পদমর্যাদায় ভিন্নতা থাকলে জনমনে এবং সেবাগ্রহীতাদের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয় বলে মত প্রকাশ করে সংগঠনটি। এছাড়া অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর সমন্বয় নিশ্চিত করার জন্যও এই পদমর্যাদা বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে।

পেশাদারিত্ব বজায় রেখে বিচারিক কার্যক্রম পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য তথ্য কমিশনে পর্যাপ্ত জনবল ও বার্ষিক বাজেট বরাদ্দের দাবি জানিয়েছে ফোরাম। কমিশনের সাচিবিক দায়িত্ব সঠিকভাবে পালনের স্বার্থে তথ্য অধিকার আইন নিয়ে কাজের অভিজ্ঞতাসম্পন্ন একজন পূর্ণ সচিব নিয়োগ দেওয়া আবশ্যক বলে মনে করে সংগঠনটি। এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে তথ্য প্রাপ্তির অধিকার আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।

তথ্য অধিকার ফোরামের এই দাবির সঙ্গে একমত পোষণ করেছেন বিশিষ্ট নাগরিক ও বিভিন্ন সংগঠনের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ। তাদের মধ্যে রয়েছেন ফোরামের আহ্বায়ক শাহীন আনাম, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার এবং টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। এছাড়াও কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ এবং ব্লাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক সারা হোসেনসহ অন্যান্যরা এই প্রক্রিয়ার সঙ্গে একমত পোষণ করেছেন।

খুঁজুন