মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
রিয়াদের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি আরবের • এইসব স্যামসাং ফোনে বন্ধ হল অ্যান্ড্রয়েড অটো সেবা • যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচারের দায় স্বীকার বাংলাদেশির • সিঙ্গাপুরে শ্রমিক অধিকার নিয়ে কথা বলে বিতর্কে বাংলাদেশি • আগামী বছর শিক্ষাপ্রতিষ্ঠানে কতদিন ছুটি, খসড়া তালিকা • কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন সচিব মাহবুবুর রহমান ভূঁঞা • কপ-৩১: প্রথম দিন গুরুত্ব পেল খাদ্যনিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানি • শীত আসার আগেই শুষ্ক হয়ে উঠছে হাতের পাতা? যা করবেন ও যা করবেন না • সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে ফের হামলা • বিদেশ থেকে ডিভাইস কেনার আগে এইসব বিষয় জানা জরুরি
আইন আদালত যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচারের দায় স্বীকার বাংলাদেশির

যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচারের দায় স্বীকার বাংলাদেশির

অপরাধ ডেস্ক: ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা বাংলাদেশি নাগরিক সাইফুল ইসলাম মার্কিন আদালতে অভিবাসী পাচারের অভিযোগ স্বীকার করেছেন। টেক্সাস অঙ্গরাজ্যের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে বিচারাধীন এই মামলার আগামী ১৭ ফেব্রুয়ারি রায় ঘোষণার দিন নির্ধারিত রয়েছে। মার্কিন বিচার বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই মামলায় তার অন্তত তিন বছরের কারাদণ্ড হতে পারে। ফেডারেল আদালতের বিচারক আইনি বিধান ও অন্যান্য বিষয় বিবেচনা করে তার চূড়ান্ত সাজা নির্ধারণ করবেন।

মার্কিন বিচার বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা ও মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে মানুষ পাঠানোর একটি আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে সাইফুল যুক্ত ছিলেন। আদালতের নথিপত্র অনুযায়ী, অভিবাসীদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করাতে তিনি অন্যান্য পাচারকারীদের বিভিন্নভাবে সহায়তা করতেন। পাচারের শিকার অনেক মানুষকে কলম্বিয়ার উপকূলীয় এলাকা থেকে বিপজ্জনক নৌযানে করে এবং দুর্গম ডারিয়েন গ্যাপ এলাকা পায়ে হেঁটে পার করানো হতো। এছাড়া অভিবাসীদের পরিচয় গোপন করতে তাদের অন্য ব্যক্তির পরিচয়পত্র দেওয়া হতো এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে পৌঁছে রিও গ্রান্দে নদী সাঁতরে বা বেড়া টপকে প্রবেশের নির্দেশ দেওয়া হতো।

আদালতের নথি অনুসারে, যুক্তরাষ্ট্রে মানবপাচারের এই অপরাধে জড়িত থাকার বিনিময়ে সাইফুল অভিবাসীদের কাছ থেকে হাজার হাজার মার্কিন ডলার হাতিয়ে নিয়েছিলেন। তিনি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে মানুষ ঢোকানোর ষড়যন্ত্রের একটি এবং বাণিজ্যিক সুবিধা ও ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে অভিবাসী প্রবেশ করানোর দুটি অভিযোগে আদালতে নিজের দোষ স্বীকার করেছেন। একইসঙ্গে মানবপাচারের মাধ্যমে অর্জিত অবৈধ অর্থ ও সম্পদ বাজেয়াপ্ত করার বিষয়েও তিনি সম্মতি প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের অক্টোবর মাসে ব্রাজিলে পরিচালিত এক বিশেষ অভিযানে সাইফুল ইসলামসহ সাতজন বাংলাদেশি মানবপাচারকারী গ্রেপ্তার হয়েছিলেন। পরবর্তীতে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে চলতি বছরের এপ্রিল মাসে ব্রাজিল থেকে সাইফুলকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্যদের বিরুদ্ধে এই তদন্ত ও বিচারিক কার্যক্রমে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে যৌথভাবে কাজ করছে মার্কিন বিচার বিভাগের টাস্ক ফোর্স। এই অভিযানে সহায়তার জন্য ব্রাজিলের আইন প্রয়োগকারী বাহিনীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ।

খুঁজুন