শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
বিজ্ঞান ও প্রযুক্তি বৈদ্যুতিক আর্থিং; সুরক্ষার প্রথম ধাপ

বৈদ্যুতিক আর্থিং; সুরক্ষার প্রথম ধাপ

আধুনিক জীবনযাত্রায় বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে দুর্ঘটনার ঝুঁকিও। বিশেষজ্ঞরা বলছেন, বাসাবাড়ি ও শিল্প-কারখানায় নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থার অন্যতম প্রধান শর্ত হলো সঠিক বৈদ্যুতিক আর্থিং ব্যবস্থা।

বাসাবাড়িতে আর্থিং মূলত অতিরিক্ত বিদ্যুৎ বা লিকেজ কারেন্টকে নিরাপদে মাটিতে প্রবাহিত করে। ফলে শর্ট সার্কিট, বিদ্যুৎ শক কিংবা অগ্নিকাণ্ডের ঝুঁকি অনেকাংশে কমে যায়। বিশেষ করে ফ্রিজ, ওয়াশিং মেশিন, গিজার কিংবা কম্পিউটারের মতো ধাতব বডিযুক্ত যন্ত্রপাতিতে সঠিক আর্থিং না থাকলে ব্যবহারকারীরা মারাত্মক ঝুঁকিতে পড়তে পারেন।
অন্যদিকে, শিল্প-কারখানায় আর্থিং আরও বেশি গুরুত্বপূর্ণ। বড় বড় মেশিন, জেনারেটর ও ট্রান্সফরমার ব্যবহারের কারণে সেখানে ভোল্টেজের ওঠানামা ও লিকেজের সম্ভাবনা বেশি থাকে। সঠিক আর্থিং ব্যবস্থা এসব ঝুঁকি কমিয়ে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে এবং যন্ত্রপাতির স্থায়িত্ব বাড়ায়।

বিশেষজ্ঞদের মতে, বজ্রপাতজনিত সার্জ ভোল্টেজ থেকেও রক্ষা পেতে আর্থিং অত্যন্ত কার্যকর। এ ক্ষেত্রে লাইটনিং অ্যারেস্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বজ্রপাত হলে এই যন্ত্রটি অতিরিক্ত ভোল্টেজকে সরাসরি মাটিতে পাঠিয়ে দেয়, ফলে ভবন ও বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

মেঘনা গ্রুপের এভারেস্ট পাওয়ার প্লান্টের সহকারী ব্যবস্থাপক (ইলেকট্রিক্যাল) প্রকৌ. মোঃ রফিকুল ইসলাম বলেন, “সঠিক মানদণ্ড অনুসরণ করে আর্থিং স্থাপন না করলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। শুধু আর্থিং করলেই হবে না, সেটির নিয়মিত পরীক্ষা-নিরীক্ষাও জরুরি।”

তিনি আরও জানান, অনেক ক্ষেত্রে খরচ বাঁচাতে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়, যা দীর্ঘমেয়াদে ঝুঁকি বাড়ায়। তাই বাসাবাড়ি হোক বা শিল্প-কারখানা—সব জায়গাতেই মানসম্মত আর্থিং নিশ্চিত করা সময়ের দাবি।

সচেতনতা বৃদ্ধি ও সঠিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বৈদ্যুতিক দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিরাপদ জীবনযাপনের জন্য আর্থিং ব্যবস্থার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

প্রকৌ. রিফাত শিকদার
ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট) 
গজারিয়া ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (জিস্ট)

খুঁজুন