শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
বিজ্ঞান ও প্রযুক্তি পরিকল্পিত বিদ্যুৎ ব্যবহারে গরমকালেও বিল থাকবে নিয়ন্ত্রণে

পরিকল্পিত বিদ্যুৎ ব্যবহারে গরমকালেও বিল থাকবে নিয়ন্ত্রণে

দেশজুড়ে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ঘরবাড়িতে বিদ্যুৎ ব্যবহারের চাপও বৃদ্ধি পাচ্ছে। ফ্যান, ফ্রিজ, টিভি ও কুলিং যন্ত্রপাতির দীর্ঘ সময় ব্যবহার মাসিক বিলকে অনেক সময় অস্বস্তিকর পর্যায়ে নিয়ে যায়। তবে সামান্য সচেতনতা ও পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে এই খরচ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুতের অপব্যবহার ও অহেতুক ব্যবহার কমানোই সাশ্রয়ের প্রথম ধাপ।

অনেক বাসায় অপ্রয়োজনীয়ভাবে লাইট ও ফ্যান চালু থাকে, স্ট্যান্ডবাই মোডে টিভি বা চার্জার সারাক্ষণ সংযুক্ত থাকে—এসবই অদৃশ্য বিদ্যুৎ খরচ বাড়ায়। প্রয়োজন শেষ হলে সুইচ বন্ধ রাখা এবং দিনের বেলায় প্রাকৃতিক আলো-বাতাস ব্যবহার করার অভ্যাস গড়ে তুললে উল্লেখযোগ্য সাশ্রয় সম্ভব। বিশেষ করে গ্রীষ্মকালে নির্দিষ্ট সময়সূচি মেনে উচ্চক্ষমতার যন্ত্র চালানো হলে লোডও কম পড়ে।

মেঘনা গ্রুপের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র অর্থাৎ এভারেস্ট পাওয়ার প্লান্টের ইলেকট্রিক্যাল বিভাগের সিনিয়র ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন বলেন, আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহারে বিল কমানোর বড় সুযোগ রয়েছে। প্রচলিত বাল্বের বদলে LED বাতি, শক্তি সাশ্রয়ী ফ্যান, ইনভার্টার প্রযুক্তির ফ্রিজ ও টেলিভিশন তুলনামূলক কম বিদ্যুৎ খরচ করে। নতুন যন্ত্র কেনার সময় এনার্জি রেটিং দেখে নির্বাচন করলে দীর্ঘমেয়াদে বিদ্যুৎ বিল কম আসে। এতে যেমন ব্যক্তিগত খরচ কমে, তেমনি জাতীয় গ্রিডের ওপর চাপও হ্রাস পায়।

বৈদ্যুতিক লাইনের ত্রুটি থেকেও অপ্রত্যাশিত বিদ্যুৎ অপচয় ঘটে। লুজ কানেকশন, নিম্নমানের তার বা ভুল সংযোগ শর্ট সার্কিটের ঝুঁকি বাড়ায় এবং শক্তির অপচয় ঘটায়। সঠিক মানের কপার তার ব্যবহার, নির্ভরযোগ্য সুইচ-সকেট স্থাপন এবং নিয়মিত লাইন পরীক্ষা করলে এই সমস্যা অনেকটাই প্রতিরোধ করা যায়। শর্ট সার্কিট শুধু দুর্ঘটনার কারণই নয়, অনেক সময় অতিরিক্ত লোড তৈরি করে বিল বাড়িয়ে দেয়।

নিরাপত্তার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। সঠিক আর্থিং ব্যবস্থা, সার্কিট ব্রেকার ও ফিউজ ব্যবহার ঘরকে সুরক্ষিত রাখে এবং অপ্রয়োজনীয় শক্তি ক্ষয় কমায়। শিশুদের নাগালের বাইরে সকেট স্থাপন এবং ভেজা হাতে বৈদ্যুতিক যন্ত্র স্পর্শ না করার মতো সাধারণ সতর্কতাও বড় দুর্ঘটনা এড়াতে সহায়ক।

সচেতন ব্যবহার, আধুনিক প্রযুক্তি গ্রহণ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ—এই তিনটি অভ্যাস গড়ে তুলতে পারলেই বিদ্যুৎ বিল থাকবে নিয়ন্ত্রণে।

ইঞ্জি. রিফাত শিকদার
চিফ ইন্সট্রাক্টর, ইলেকট্রিক্যাল টেকনোলজি
গজারিয়া ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (জিস্ট)

খুঁজুন