রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
‘হ্যান্সি ক্রনিয়ের ম্যাচ-ফিক্সিংয়ের চেয়েও বড় অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারি’ • নিউক্যাসলের মাঠে পয়েন্ট হারাল আর্সেনাল • গোল করার পর স্ট্রেচারে মাঠ ছাড়লেন দুয়ে • মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কথায় বিতর্ক: কীভাবে দেখছে বিএনপি, সরকারের কী পদক্ষেপ? • জাবিতে ৯৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে শেষে হল বিতর্ক উৎসব • দেশে স্বর্ণের দামে আবারও বড় পতন • সালমানের ‘মনস্টার’: বিশেষ দিনে আসছে টিজার, মুক্তি কবে • চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি ঘোষণা, নেতৃত্বে জুয়েল-কৌশিক • ইমনের চার ও ছক্কায় আফগানদের বিদায় করে সেমিতে বাংলাদেশ • শাহজালালে সাড়ে ৭ কেজি ‘সোনার পেস্ট’ উদ্ধার, আটক ৩
আন্তর্জাতিক ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম, মুসলিম বেশি হবে যেসব দেশে

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম, মুসলিম বেশি হবে যেসব দেশে

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাস অনুযায়ী, অনুসারীর সংখ্যার বিচারে ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে ইসলাম। ওই সময়ের মধ্যে বিশ্বে মুসলিমদের সংখ্যা খ্রিস্টান ধর্মাবলম্বীদের ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে, যেখানে বিশ্বজুড়ে বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর ভবিষ্যৎ পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। গবেষণায় বলা হয়েছে, বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী কয়েক দশকে বিশ্বের ধর্মীয় চিত্র উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হবে।

পিউ রিসার্চ সেন্টারের হিসাব অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৬৪ কোটিতে পৌঁছাতে পারে। একই সময়ে খ্রিস্টান জনসংখ্যা ৩০ শতাংশ বেড়ে প্রায় ২৯৬ কোটি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধান ধর্মগুলোর মধ্যে মুসলিম জনগোষ্ঠীর এই বৃদ্ধির হার সবচেয়ে দ্রুত হবে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি। এছাড়া হিন্দু ও ইহুদি জনসংখ্যা বাড়লেও তা বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির গতির তুলনায় ধীর হবে।

মুসলিম জনসংখ্যা দ্রুত বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হিসেবে উচ্চ জন্মহারকে চিহ্নিত করা হয়েছে। ২০২০ থেকে ২০২৫ সালের সময়ের মধ্যে মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ছিল ৩ দশমিক ১। যেখানে খ্রিস্টান নারীদের ক্ষেত্রে এই হার ছিল ২ দশমিক ৫ এবং অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর নারীদের ক্ষেত্রে ১ দশমিক ৬। জনসংখ্যা বিশেষজ্ঞের মতে, কোনো জনগোষ্ঠীর আকার অপরিবর্তিত রাখতে একজন নারীর গড়ে অন্তত ২ দশমিক ১টি সন্তান জন্ম দেওয়া প্রয়োজন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০৭০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হিসেবে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে যেতে পারে পাকিস্তান। ওই সময়ে পাকিস্তানের মুসলিম জনসংখ্যা বেড়ে প্রায় ৪৬ কোটি ১০ লাখে দাঁড়ানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে, বাংলাদেশ চতুর্থ অবস্থান থেকে এক ধাপ পিছিয়ে যেতে পারে এবং নাইজেরিয়া তৃতীয় অবস্থানে উঠে আসতে পারে। এছাড়া ২০৭০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ১০টি মুসলিমবহুল দেশের চারটিই আফ্রিকান মহাদেশে অবস্থিত হবে বলে ধারণা করা হচ্ছে।

গবেষণাটিতে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় পুরো অংশ প্রতিনিধিত্বকারী ২০১টি দেশ ও অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। জন্মহার, মৃত্যুহার এবং ধর্ম পরিবর্তনের বর্তমান প্রবণতা অপরিবর্তিত থাকবে ধরে নিয়ে এই হিসাব করা হয়েছে। তবে গবেষকরা উল্লেখ করেছেন যে, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা অর্থনৈতিক পরিস্থিতির বড় কোনো পরিবর্তন ঘটলে এই দীর্ঘমেয়াদি পূর্বাভাসে তার প্রভাব পড়তে পারে। বৈশ্বিক জনমিতির এই পরিবর্তন ভবিষ্যতে আন্তর্জাতিক রাজনীতি ও সমাজব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

খুঁজুন