শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক আফগানিস্তানে নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা, লিখতে হবে ‘বিবি’

আফগানিস্তানে নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা, লিখতে হবে ‘বিবি’

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের বালখ প্রদেশে সরকারি নথিপত্র ও চিকিৎসাসংক্রান্ত ব্যবস্থাপত্রে নারীদের নিজস্ব নাম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশটির বর্তমান শাসকগোষ্ঠী নারীদের প্রকৃত নামের বদলে সর্বক্ষেত্রে ‘বিবি’ শব্দটি লেখার নির্দেশ দিয়েছে। স্থানীয় সংস্কৃতিতে এটি সম্মানসূচক হলেও এর সাধারণ অর্থ বয়স্ক নারী বা দাদি-নানি বোঝায়। সব বয়সী নারীর ক্ষেত্রে এই একটিমাত্র শব্দ ব্যবহারের ফলে তাদের স্বতন্ত্র পরিচিতি ও মর্যাদা তীব্র সংকটের মুখে পড়েছে।

এর আগে ২০২১ সালের আগস্টে ক্ষমতা দখলের পর থেকে নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও চলাফেরার ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা দিয়ে আসছে তালেবান। সর্বশেষ গত ডিসেম্বরে নারীদের চিকিৎসাসংক্রান্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুযোগও পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। নারী অধিকারকর্মীরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, ব্যবস্থাপত্রে একই নাম ব্যবহার করায় চিকিৎসাসেবায় বড় ধরনের বিভ্রান্তি ও ভুল হওয়ার ঝুঁকি রয়েছে। এছাড়া নাম মুছে ফেলার এই প্রক্রিয়া মূলত নারীদের মানবিক অস্তিত্ব ও স্বতন্ত্র পরিচয় অস্বীকার করারই একটি অপচেষ্টা।

জার্মানিতে অবস্থানরত আফগান নারী অধিকারকর্মী লালাহ ওসমানি মনে করেন, এই ধরনের নির্দেশনা নারীদের অধিকার হরণের ধারাবাহিকতারই অংশ। এর আগে ২০১৭ সালে তার উদ্যোগে ‘হোয়্যার ইজ মাই নেম’ প্রচারণা শুরু হয়েছিল, যার ফলশ্রুতিতে ২০২০ সালে জন্মসনদে মায়ের নাম যুক্ত করার সুযোগ মিলেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে নারীদের নাম ও পরিচয় সংরক্ষণের সেই অর্জনগুলো এখন চরম হুমকির মুখে পড়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ফেমেনার আফগানিস্তান কর্মসূচির পরিচালক জুবাইদা আকবর আশঙ্কা প্রকাশ করেছেন যে, বালখ প্রদেশের এই স্থানীয় নিষেধাজ্ঞা ভবিষ্যতে সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। অতীতেও অনেক বিধিনিষেধ প্রথমে কোনো নির্দিষ্ট অঞ্চলে পরীক্ষামূলকভাবে চালুর পর দেশব্যাপী বাস্তবায়ন করা হয়েছে। বিশ্লেষকদের মতে, নাম ও পরিচয়ের ওপর এই নতুন বিধিনিষেধ আফগান নারীদের মানবাধিকার পরিস্থিতিকে আরও বেশি শোচনীয় করে তুলছে।

খুঁজুন