শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
লাইফস্টাইল নতুন জায়গায় চোখে ঘুম নামানোর কৌশল

নতুন জায়গায় চোখে ঘুম নামানোর কৌশল

লাইফস্টাইল ডেস্ক: পরিচিত বিছানা ছেড়ে ভ্রমণে বা বেড়াতে গিয়ে অনেকেই রাতে সহজে ঘুমাতে পারেন না। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় মস্তিষ্কের এই প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ফার্স্ট-নাইট ইফেক্ট বলা হয়ে থাকে। নতুন কোনো জায়গায় প্রথম রাত কাটানোর সময় মস্তিষ্কের একটি অংশ পাহারাদারের মতো সজাগ থাকে। অপরিচিত শব্দ ও সম্ভাব্য বিপদ থেকে সুরক্ষার এই প্রচেষ্টার কারণে আরামদায়ক বিছানাতেও ঘুম আসতে চায় না।

নতুন স্থানে গিয়ে ভালো ঘুমের জন্য ৭টি কার্যকর কৌশল তুলে ধরেছেন ঘুম বিশেষজ্ঞরা। বেড়াতে যাওয়ার আগেই ঘুমানোর সময় ও নীরবতা বজায় রাখার বিষয়টি নিয়ে স্বাগতিকের সঙ্গে কথা বলা উচিত। এছাড়া নতুন ঘরে পৌঁছে বাথরুম ও লাইটের সুইচগুলো কোথায় তা দেখে নিলে মস্তিষ্কের অজানা উদ্বেগ কমে যায়। সম্ভব হলে নিজের ব্যবহৃত বালিশটি সঙ্গে নেওয়া যেতে পারে, যা মস্তিষ্ককে দ্রুত নিরাপদ পরিবেশের সংকেত দেয়।

গভীর ঘুমের জন্য ঘরের আলো ও শব্দ আটকানোর ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। ওয়াইফাই রাউটার বা ইলেকট্রনিক যন্ত্রের বাতি কালো টেপ দিয়ে ঢেকে রাখা এবং চোখে আই মাস্ক ব্যবহার করা কার্যকর। ঘুমানোর আগে বই পড়া বা হালকা স্ট্রেচিংয়ের মতো পরিচিত রাতের রুটিন মেনে চলা উচিত। এছাড়া নিজের ব্যবহৃত সুবাসযুক্ত পোশাক বা লোশন সঙ্গে রাখলে অপরিচিত জায়গাতেও ঘরের মতো স্বস্তি পাওয়া যায়।

অতিরিক্ত গরম ঘর ঘুমের বড় শত্রু হওয়ায় ঘরের তাপমাত্রা শীতল রাখার চেষ্টা করতে হবে। এসি ব্যবহারের সুযোগ না থাকলে ঠান্ডা পানিতে গোসল করা কিংবা পাতলা চাদর ব্যবহার করা যেতে পারে। ঘুম আসছে না ভেবে বারবার ঘড়ির কাঁটা দেখলে উদ্বেগ বেড়ে যায়। তাই দু-এক রাত কম ঘুম হলেও বড় কোনো ক্ষতি হবে না, এই মানসিকতা নিয়ে নিশ্চিন্তে শুয়ে থাকা উচিত।

খুঁজুন