বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
খেলাধুলা আইপিএলের ৫৯ কোটি রুপি এবং পরিবারকে ভালোবেসে ক্রিকেটের ভালোবাসা শেষের গল্প

আইপিএলের ৫৯ কোটি রুপি এবং পরিবারকে ভালোবেসে ক্রিকেটের ভালোবাসা শেষের গল্প

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার সাবেক পেস বোলিং অলরাউন্ডার ক্রিস মরিস ক্রিকেট বিশ্বে মূলত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আকর্ষণীয় পারিশ্রমিকের জন্যই সবচেয়ে বেশি পরিচিত লাভ করেছিলেন। ১৪০ কিলোমিটার গতির পেস বোলিং, ডেথ ওভারে নিখুঁত ইয়র্কার এবং ইনিংসের শেষ দিকে কার্যকরী ব্যাটিংয়ের সুবাদে তিনি দলগুলোর কাছে অত্যন্ত কাঙ্ক্ষিত এক প্যাকেজ ছিলেন। আইপিএলের নিলামে তার নাম উঠলেই সবসময় ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে বড় অঙ্কের দর হাঁকানোর প্রতিযোগিতা তৈরি হতো। দীর্ঘ ক্যারিয়ারে টুর্নামেন্টের বিভিন্ন আসর থেকে তিনি মোট প্রায় ৫৯ কোটি ১৭ লাখ রুপি পারিশ্রমিক হিসেবে অর্জন করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রোটিয়াদের হয়ে সীমিত ম্যাচ খেললেও এই বিপুল অর্থ এবং নিলামের বাজার তার ক্যারিয়ারের প্রধান একটি পরিচয় হয়ে দাঁড়িয়েছিল।

খেলোয়াড়ি জীবনে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার পাশাপাশি তিনি অন্যান্য লিগেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। দক্ষিণ আফ্রিকার হয়ে তিনি অল্প কিছু টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন, যা সাধারণ মানুষের স্মৃতিতে খুব একটা বেশি দিন স্থায়ী হয়নি। তবে ৩৪ বছর বয়সে হুট করেই সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নেন এই তারকা ক্রিকেটার। বর্তমানে তিনি খেলার মাঠের বাইরে ধারাভাষ্যকার হিসেবে ক্রিকেটের সঙ্গে নিজের সম্পৃক্ততা বজায় রেখেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তার আইপিএলের অর্থের ব্যবহার, বিপুল অঙ্কের পারিশ্রমিকের পেছনের চাপ এবং তৎকালীন নানা স্মৃতি রোমন্থন করেছেন।

আইপিএলের বিশাল অর্থ কীভাবে ব্যয় করেছেন এমন প্রশ্নের জবাবে মরিস জানান যে তিনি কেবল নিজের এবং পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে সেই অর্থ জমিয়ে রেখেছেন এবং বিভিন্ন খাতে বিনিয়োগ করেছেন। ২০১৩ সালের আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সময় দলটির অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে কাটানো সময়গুলোকে তিনি দারুণ ও স্মরণীয় বলে উল্লেখ করেন। ধোনির শান্ত স্বভাব, অহংকারহীন ব্যক্তিত্ব এবং মাঠের নেতৃত্ব তাকে দারুণভাবে প্রভাবিত করেছিল বলে তিনি জানান। ফাইনালে মুম্বাইয়ের কাছে হারলেও ধোনির মতো নেতার অধীনে ড্রেসিংরুম শেয়ার করা এবং তার থেকে শেখাটা তরুণ বয়সে তার জন্য অত্যন্ত রোমাঞ্চকর এক অভিজ্ঞতা ছিল।

নিলামের বিশাল 'প্রাইস ট্যাগ' এবং মিডিয়ার কৌতূহল সামলানোর অভিজ্ঞতা নিয়ে মরিস বলেন যে মাঠের বাইরে যতই চাপ থাকুক না কেন, বাউন্ডারি পার হয়ে ২২ গজে নামলে টাকার অঙ্কের কোনো মূল্য থাকে না। কার দাম কত কিংবা কে কত আয় করল, তা মাঠে কেউ দেখে না; সেখানে একমাত্র আসল হলো ক্রিকেটীয় স্কিল এবং লড়াই। ব্যাংক অ্যাকাউন্টের টাকার চেয়ে নিজের পারফরম্যান্স এবং খেলাটার প্রতিই তার মনোযোগ সবসময় বেশি ছিল বলে তিনি মন্তব্য করেন। প্রথমবার অপ্রত্যাশিতভাবে বিশাল অঙ্কের অর্থ পাওয়ার পর প্রথমে রোমাঞ্চ কাজ করলেও পরবর্তীতে তিনি বিষয়টি খুব স্বাভাবিকভাবেই গ্রহণ করেছিলেন।

খুঁজুন