বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? • ৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা
খেলাধুলা বিশ্বকাপে নেইমারকে দেখতে চান মেসি

বিশ্বকাপে নেইমারকে দেখতে চান মেসি

চলতি বছরের বিশ্বকাপে ব্রাজিলের হয়ে নেইমারের খেলা উচিত বলে মনে করেন আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির তারকা ফুটবলার লিওনেল মেসি। বার্সেলোনায় চার মৌসুম এবং পরে প্যারিসে আরও দুই মৌসুম একসঙ্গে খেলেছেন মেসি ও নেইমার। ২০২৩ সালে দুজনই নিজেদের পথ আলাদা করেন। তবুও বন্ধুকে নিয়ে আবেগ লুকাননি মেসি।

এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমরা চাই সেরা খেলোয়াড়রা বিশ্বকাপে থাকুক। নেইমার যেমনই অবস্থায় থাকুক না কেন, সে সবসময়ই সেই সেরাদের একজন।’

দক্ষিণ আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের লড়াইয়ের বাইরে গিয়ে মেসি বলেন, ‘ফুটবল ও ব্রাজিলের জন্য নেইমারের গুরুত্ব অনেক বড়। তাই তাকে বিশ্বকাপে দেখতে দারুণ লাগবে। আমি হয়তো নিরপেক্ষ নই, কারণ আমি সবসময়ই চাই সে সেখানে থাকুক।’

তিনি আরও বলেন, ‘আমি চাই তার জীবনে ভালো কিছু ঘটুক। কারণ মানুষ হিসেবে সে অসাধারণ। সে বিশ্বকাপে খেলুক, সেটাই চাই।’

বর্তমানে শৈশবের ক্লাব সান্তোসে খেলছেন নেইমার। তবে হাঁটুর চোটের কারণে ২০২৬ সালে এখন পর্যন্ত মাত্র আটটি ম্যাচ খেলতে পেরেছেন তিনি। ডিসেম্বরের শেষ দিকে ছোট একটি অস্ত্রোপচার এবং মার্চে আরেকটি চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। এ মৌসুমে তার গোল তিনটি, সঙ্গে আছে দুটি সহায়তা।

নেইমারকে নিয়ে মেসি বলেন, ‘তার মধ্যে আলাদা এক আকর্ষণ আছে। সে অভিনয় করে না, নিজের মতো করেই জীবন কাটায়। অন্যরা কী বলবে, তা নিয়ে ভাবে না। সে স্বাভাবিক থাকতে ভালোবাসে।’

২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত সান্তোসের হয়ে খেলেই পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন নেইমার। পরে পিএসজি ছাড়ার আগে চোটে ভুগেছেন নিয়মিত। সৌদি আরবের আল-হিলালে যোগ দেওয়ার পর গুরুতর হাঁটুর চোটে তার সময়টা সংক্ষিপ্ত হয়ে যায়।

২০১৩ সাল থেকে ব্রাজিল জাতীয় দলের নিয়মিত সদস্য নেইমার। তবে চোট ও ফর্মহীনতার কারণে ২০২৩ সালের পর আর দেশের হয়ে মাঠে নামা হয়নি তার। এর আগে তিনটি বিশ্বকাপে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছেন এই তারকা ফুটবলার।

খুঁজুন