বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? • ৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা • কুর্দিদের হাতে থাকা তেলক্ষেত্র কেন্দ্রের অধীনে আনার নির্দেশ ইরাকের প্রধানমন্ত্রীর • গোলাপগঞ্জে বিএনপি নেতার বাড়িতে আগুন, চেয়ারম্যান প্রার্থী রুমনের সহমর্মিতা
স্বাস্থ্য ও চিকিৎসা দেশের ৪৪ হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনে ৩৯৬ পদ সৃজন

দেশের ৪৪ হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনে ৩৯৬ পদ সৃজন

দেশের ৪৪টি জেনারেল ও জেলা সদর হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের জন্য রাজস্বখাতে অস্থায়ীভাবে ৩৯৬টি পদ সৃজন করেছে সরকার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-৪ অধিশাখা থেকে এ সংক্রান্ত সরকারি মঞ্জুরি দেওয়া হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সৃজিত ৩৯৬টি পদের মধ্যে ২৬৪টি সিনিয়র স্টাফ নার্স এবং ১৩২টি মেডিকেল টেকনিশিয়ান (ডায়ালাইসিস) পদ রয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিনিয়র স্টাফ নার্স পদে ৪৪টি হাসপাতালে ছয়টি করে মোট ২৬৪টি পদ এবং মেডিকেল টেকনিশিয়ান (ডায়ালাইসিস) পদে তিনটি করে মোট ১৩২টি পদ থাকবে।

সিনিয়র স্টাফ নার্স পদের জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতনক্রম ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা (গ্রেড-১০)। এ পদে নিয়োগ সেবা পরিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৬ এবং তৎকালীন কর্মবিধি অনুযায়ী হবে।

অন্যদিকে, মেডিকেল টেকনিশিয়ান (ডায়ালাইসিস) পদের বেতনক্রম ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা (গ্রেড-১৬)। সরাসরি নিয়োগের ক্ষেত্রে স্বীকৃত বোর্ড থেকে অন্যূন তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে এইচএসসি (বিজ্ঞান) উত্তীর্ণ হতে হবে।

পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে কোনো হাসপাতালে প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

সরকারি মঞ্জুরিপত্রে উল্লেখ করা হাসপাতালগুলোর মধ্যে রয়েছে- মুন্সীগঞ্জ, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মাগুরা, বান্দরবান, কুষ্টিয়া, ঠাকুরগাঁও, জয়পুরহাট, সুনামগঞ্জ, পিরোজপুর, ঝিনাইদহ, পাবনা, বরগুনা, ভোলা, নওগাঁ, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, যশোর, লালমনিরহাট, মাদারীপুর, ঝালকাঠি, জামালপুর, নেত্রকোণা, চাঁপাইনবাবগঞ্জ, শেরপুর, মেহেরপুর, নরসিংদী, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা, হবিগঞ্জ, পঞ্চগড়, রাজবাড়ী, শরীয়তপুর, নড়াইল, নীলফামারী, সাতক্ষীরা, মৌলভীবাজার, নাটোর, চাঁদপুর, নারায়ণগঞ্জ, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি।

মঞ্জুরিপত্রে বলা হয়েছে, অনুমোদিত পদগুলো জনবলের ক্যাটাগরি সেটআপের অন্তর্ভুক্ত হবে। পরবর্তী সময়ে হাসপাতালভিত্তিক পদ সৃজনের সময় এসব পদ সমন্বয়ের প্রস্তাব করা যাবে না।

পদ সৃজনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট হাসপাতালের সাংগঠনিক কাঠামো জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অনুমোদন করিয়ে নিতে হবে। যেসব পদের নিয়োগবিধি নেই, সেসব পদের জন্য নিয়োগবিধি প্রণয়ন করতে হবে।

এ ছাড়া বিদ্যমান টিওএন্ডইতে নতুন সৃজিত পদগুলো অন্তর্ভুক্ত করে পদগুলোকে অস্থায়ী হিসেবে চিহ্নিত করতে হবে। হালনাগাদ টিওএন্ডই-এর একটি কপি অর্থ বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন সৃজিত এসব কর্মকর্তা-কর্মচারীর যাবতীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোড থেকে মেটানো হবে। একই সঙ্গে পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের আরোপিত সব শর্ত প্রযোজ্য হবে।

খুঁজুন