রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় এভিয়েশন, ট্রাভেল ও ট্যুরিজম খাতে ক্যারিয়ার গড়তে রাজধানীতে ক্যারিয়ার সামিট

এভিয়েশন, ট্রাভেল ও ট্যুরিজম খাতে ক্যারিয়ার গড়তে রাজধানীতে ক্যারিয়ার সামিট

ডেস্ক রিপোর্ট: রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের অডিটোরিয়ামে এভিয়েশন, ট্রাভেল ও ট্যুরিজম ক্যারিয়ার সামিটের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয়েছে। সম্ভাবনাময় এভিয়েশন ও পর্যটন খাতে তরুণ প্রজন্মের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষতা উন্নয়ন নিশ্চিত করতে এই সামিটের আয়োজন করা হয়। দিনব্যাপী এই আয়োজনে নানা ধরনের প্রশিক্ষণ ও পেশাগত প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরা হয়। সামমনি এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট (স্যাটি) এই জমকালো সামিটের আয়োজন করে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য এয়ার টিকিট বুকিং, ভিসা পরামর্শ এবং ট্যুর গাইডিংয়ের ওপর বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা রাখা হয়েছিল। এছাড়া পর্যটন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল মার্কেটিংয়ের আধুনিক ব্যবহারের বিষয়গুলোও তরুণদের সামনে উপস্থাপন করা হয়। সন্ধ্যার আয়োজনে এই তিন খাতের দক্ষ জনবল তৈরি এবং নিয়োগদাতাদের সুনির্দিষ্ট চাহিদা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দেশের সম্ভাবনাময় শ্রমবাজারে তরুণদের উপযোগী করে গড়ে তুলতে এই কার্যক্রমগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাওসার চৌধুরী। ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. মহিউদ্দিন সেলিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং খাতসংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন। এতে এয়ারলাইনস, ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপারেটর প্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিরাও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পুরো আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস এসোসিয়েশন (বাটজা)।

তরুণ প্রজন্মকে প্রশিক্ষিত জনশক্তিতে রূপান্তর করে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে চাকরির সুযোগ সম্প্রসারণ করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য। এভিয়েশন ও পর্যটন শিল্পকে আরও গতিশীল করতে এ ধরনের উদ্যোগ নিয়মিত হওয়া প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। এই সামিট আয়োজনের মাধ্যমে সংশ্লিষ্ট খাতের সঙ্গে তরুণদের সরাসরি সংযোগ স্থাপিত হয়েছে। এর ফলে দেশের পর্যটন ও এভিয়েশন শিল্প ভবিষ্যতে আরও বেশি সমৃদ্ধ হওয়ার সুযোগ পাবে।

খুঁজুন