মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
আইন আদালত ‘ইউজড স্পেয়ার পার্টস’-এর আড়ালে বিলাসবহুল গাড়ি আমদানির অপচেষ্টা প্রতিহত

‘ইউজড স্পেয়ার পার্টস’-এর আড়ালে বিলাসবহুল গাড়ি আমদানির অপচেষ্টা প্রতিহত

‘ইউজড স্পেয়ার পার্টস’ ঘোষণা দিয়ে জাপান থেকে আমদানি করা একটি কনটেইনারে থাকা বিলাসবহুল গাড়ির অংশবিশেষ খালাসের অপচেষ্টা প্রতিহত করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ তথ্য জানায়।

এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি কনটেইনারে বিচ্ছিন্ন অবস্থায় থাকা লেক্সাস এলএক্স ৬০০, লেক্সাস এসসি ৪৩০ এবং বিএমডব্লিউ এম৫ গাড়ির অংশবিশেষসহ বিপুল পরিমাণ গাড়ির যন্ত্রাংশ শনাক্ত করা হয়।

‘ইউজড স্পেয়ার পার্টস’ হিসেবে ঘোষণা করা চালানটি খুলে দেখা হলে এতে লেক্সাস এলএক্স ৬০০, লেক্সাস এসসি ৪৩০ ও বিএমডব্লিউ এম৫-এর বিচ্ছিন্ন অংশের পাশাপাশি হোন্ডা বি১৮সি টাইপ আর ইঞ্জিন, ফ্রন্ট হাফ বা হাফ-কাট ও টায়ারসহ বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ পাওয়া যায়।

প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, পণ্য বন্দরে আসার পর প্রায় এক মাস বিল অব এন্ট্রি দাখিল না করে নিলাম প্রক্রিয়ার মাধ্যমে চালানটি খালাসের চেষ্টা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দার কর্মকর্তারা অভিযান পরিচালনা করে এ প্রচেষ্টা প্রতিহত করেন।

উদ্ধারকৃত গাড়ির অংশগুলো সম্পূর্ণ গাড়ির বৈশিষ্ট্য বহন করে কি না, তা বিস্তারিতভাবে পরীক্ষা করা হচ্ছে।

প্রাথমিকভাবে শনাক্ত করা অংশগুলোর ভিত্তিতে লেক্সাস এলএক্স ৬০০, লেক্সাস এসসি ৪৩০ ও বিএমডব্লিউ এম৫-এর পূর্ণাঙ্গ গাড়ির বৈশিষ্ট্য রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। একই সঙ্গে হোন্ডা বি১৮সি টাইপ আর ইঞ্জিন, ফ্রন্ট হাফ বা হাফ-কাট এবং অন্যান্য যন্ত্রাংশ বিবেচনায় চালানটির সম্মিলিত আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৯ কোটি টাকা থেকে ১২ কোটি টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

চালানটির আমদানি মূল্য, অর্থ পরিশোধের তথ্য, সংশ্লিষ্ট বাণিজ্যিক দলিল এবং লেনদেনের প্রকৃতি যাচাই করা হচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য মানি লন্ডারিংয়ের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তাও পরীক্ষা করা হচ্ছে।

আমদানি ঘোষণায় পণ্যের প্রকৃত অবস্থা গোপন, শুল্ক-কর ফাঁকি এবং আমদানি বিধিমালা লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টা প্রতিরোধে তাদের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

খুঁজুন