সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
আইন আদালত নাশকতার ককটেল তৈরি হচ্ছে যেসব জেলায়

নাশকতার ককটেল তৈরি হচ্ছে যেসব জেলায়

অপরাধ ডেস্ক: বাসে আগুন, সড়ক অবরোধ এবং ককটেল বিস্ফোরণের মতো সহিংসতা রোধ করতে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরসহ দেশের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্প্রতি রাজধানীসহ বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যসহ প্রভাবশালী বেশ কয়েকজন নেতার সম্পৃক্ততা রয়েছে বলে তথ্য মিলেছে। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে নাশকতার মূল পরিকল্পনাকারী হিসেবে চারজন এবং নেতৃত্বদানকারী আরও অনেকের সুনির্দিষ্ট নাম উঠে এসেছে। দেশের বিভিন্ন সীমান্ত ও দুর্গম চরাঞ্চল ব্যবহার করে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক আনার চাঞ্চল্যকর তথ্যও পাওয়া গেছে।

গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, নাশকতার অর্থ জোগানদাতা হিসেবে ৯ জনকে চিহ্নিত করা হয়েছে এবং এই প্রক্রিয়ায় কয়েকজন চাকরিচ্যুত সরকারি কর্মকর্তাও জড়িত রয়েছেন। সাবেক দুই মন্ত্রী, এক সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং এক সাবেক আমলাকে নাশকতার প্রধান পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি, ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে বেশ কয়েকজন সাবেক সংসদ সদস্য ও ছাত্রনেতার নাম রয়েছে গোয়েন্দা তালিকায়। কয়লাবাহী ট্রাকে করে পার্শ্ববর্তী দেশ থেকে বিস্ফোরকজাতীয় দ্রব্য দেশে প্রবেশ করানো হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সীমান্তবর্তী এলাকাগুলোর মধ্যে বুড়িমারী, নাকুগাঁও, জাফলং, শমশেরনগর, কসবা ও আখাউড়া রুট ব্যবহার করে বিস্ফোরক আনা হচ্ছে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন। এছাড়া শরীয়তপুরের নড়িয়া, জামালপুরের মাদারগঞ্জ এবং বগুড়ার সারিয়াকান্দির দুর্গম চরাঞ্চলে ককটেল তৈরির কাজ চলছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশ সদরদপ্তরে সম্প্রতি একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে সীমান্তবর্তী সব জেলায় কঠোর নজরদারি বাড়ানোর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান আরও জোরদার করার তাগিদ দেওয়া হয়েছে।

নাশকতার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে এবং চলমান মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে দণ্ড নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই কঠোর পদক্ষেপের মূল লক্ষ্য হলো জনজীবন স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি কঠোর হাতে দমন করা। গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশসহ অন্যান্য বাহিনী তৎপর রয়েছে।

খুঁজুন