সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
লাইফস্টাইল সকালের যে ৩ অভ্যাসে সারাদিনের জন্য বাড়ে মানসিক চাপ

সকালের যে ৩ অভ্যাসে সারাদিনের জন্য বাড়ে মানসিক চাপ

লাইফস্টাইল ডেস্ক: সকালের প্রথম অংশের কার্যক্রমের ওপর নির্ভর করে সারাদিনের মানসিক অবস্থা কেমন যাবে। ঘুম থেকে জেগে ওঠার পর কিছু ভুল পদ্ধতি বা অভ্যাস অনুসরণ করলে শরীরে মানসিক চাপ সৃষ্টিকারী হরমোন কর্টিসল হঠাৎ বৃদ্ধি পায়। মনস্তত্ত্ববিদদের মতে, প্রাতঃকালীন কিছু সাধারণ অভ্যাসের কারণে অজান্তেই সারাদিনের মেজাজ খিটখিটে ও অস্থির হয়ে উঠতে পারে। জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের কয়েকজন বিশেষজ্ঞ এই বিষয়গুলো বিস্তারিতভাবে বিশ্লেষণ করেছেন।

বিশেষজ্ঞদের মতে, ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই মোবাইল ফোন হাতে নেওয়া অন্যতম একটি ক্ষতিকর অভ্যাস। চোখ খোলার পরপরই মেসেজ, ইমেইল বা খবরের আপডেট দেখলে মস্তিষ্ক তাৎক্ষণিকভাবে অন্যের তথ্যের প্রতি প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হয়। এর ফলে মুহূর্তের মধ্যেই শরীর স্ট্রেস মোডে চলে যায় এবং মানসিক চাপ তৈরি হয়। এই সমস্যা এড়াতে ঘুম থেকে ওঠার পর অন্তত ত্রিশ মিনিট ফোন থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সকালের কাজের কোনো পূর্বপরিকল্পনা বা সুনির্দিষ্ট রুটিন না থাকাকেও মানসিক চাপের আরেকটি বড় কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঘুম থেকে উঠে নাস্তা তৈরি, পোশাক নির্বাচন বা অন্যান্য কাজ নিয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হলে মন অস্থির হয়ে ওঠে। এর ফলে জরুরি জিনিস ভুলে যাওয়া কিংবা তাড়াহুড়ো করে ঘর থেকে বের হওয়ার প্রবণতা তৈরি হয়। পরিবারের সবার উপযোগী একটি সহজ রুটিন তৈরি করলে এবং আগের রাতেই প্রস্তুতি নিলে এই চাপ অনেকটাই কমানো সম্ভব।

এ ছাড়া বারবার অ্যালার্ম বন্ধ করে ঘুমানোর অভ্যাস শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। খণ্ডিত এই ঘুম শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দেয় না, বরং ঘুম ভাঙার পর আরও বেশি ক্লান্তি ও ঝিমুনি অনুভূত হয়। বারবার স্নুজ বাটন চাপার ফলে হাতে সময় কমে যায় এবং দেরি হওয়ার আতঙ্কে কর্টিসল হরমোন বেড়ে যায়। তাই নির্দিষ্ট সময়ে একবারেই ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম ঘড়ি বিছানা থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

খুঁজুন