বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
এবার রামপুরায় বাসে আগুন • হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পে সহায়তা দেবে এডিবি • কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী • জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধের ঘটনায় তদন্ত কমিটি • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে বিএনপির একাংশের সমঝোতায় দলটি বিপন্ন হতে পারে • সুনামগঞ্জের নৌপথে চাঁদা আদায়ের অভিযোগ বিএনপি এমপির • পোশাক খাতে সংকটের পেছনে সরকারের অব্যবস্থাপনা: সংসদে হাসনাত • জেনসেন হুয়াংয়ের বিদায় কি ষড়যন্ত্রের ফল? • শিক্ষার্থীদের দেশ ও সমাজের কথা মনে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর • মোরেলগঞ্জ বালিকা বিদ্যালয়ে ৪৮০ ছাত্রীর ভরসা মাত্র ৫ শিক্ষক
মতামত ⁨নিষ্পেষিত শিক্ষক, অবরুদ্ধ বুদ্ধিজীবী: এবার জেগে ওঠার পালা

⁨নিষ্পেষিত শিক্ষক, অবরুদ্ধ বুদ্ধিজীবী: এবার জেগে ওঠার পালা

প্রতিহিংসার আগুনে পুড়ছে জ্ঞান ও বিবেক, শিক্ষক-বুদ্ধিজীবীর কণ্ঠেই ধ্বনিত হোক জাগরণের শপথ

১৯৭১-এ হানাদার আর তাদের দোসররা জাতিকে মেধাশূন্য করতে শ্রেষ্ঠ শিক্ষক ও বুদ্ধিজীবীদের ঘর থেকে তুলে নিয়ে গিয়েছিল। অর্ধশতাব্দী পর সেই অন্ধকার আবার ফিরেছে। এবার তা বধ্যভূমিতে নয়, বিশ্ববিদ্যালয়ের করিডোরে।

▪️প্রতিহিংসার নতুন অধ্যায়

২০২৪-এর ৫ আগস্টের পর অবৈধ ইউনূস সরকার থেকে বিএনপি সরকার পর্যন্ত ক্ষমতার হাত বদলেছে, প্রতিহিংসার রং বদলায়নি। মব দিয়ে প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাচার্যদের পদত্যাগে বাধ্য করা হয়েছে, বাদ যাননি সংখ্যালঘু শিক্ষকেরাও। ক্যাম্পাসে হামলা চলেছে, শ্রেণিকক্ষে নিষেধাজ্ঞা জারি হয়েছে, গবেষণাগারে তালা পড়েছে, পদোন্নতির ফাইল আটকে গেছে। হয়রানিমূলক মামলায় কেউ কারাগারে, কেউ গ্রেপ্তারের ভয়ে আত্মগোপনে। সাংস্কৃতিক অঙ্গনেও নেমেছে আঘাত: মঞ্চ ভেঙেছে, গান থেমেছে, কণ্ঠ রুদ্ধ হয়েছে। সম্মানিত মানুষদের ঠেলে দেওয়া হয়েছে অসম্মানের মুখে।

▪️আন্তর্জাতিক দলিলে নিপীড়নের চিত্র

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ স্পষ্ট বলেছে, যথাযথ প্রক্রিয়া ছাড়া এমন শাস্তি আন্তর্জাতিক মানবাধিকার আইনে সুরক্ষিত মতপ্রকাশ ও সংগঠনের স্বাধীনতার লঙ্ঘন। সংস্থাটির হিসাবে বিশটিরও বেশি সরকারি বিশ্ববিদ্যালয়ে শাস্তির খড়্গ নেমেছে:

- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪৪ জন শিক্ষকের কাজ বন্ধ, ২৫ জনের পাঠদান সীমিত, ৬ জন সাময়িক বরখাস্ত, আরও ১৪ জন তদন্তের মুখে।
- শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১২ জন সাময়িক বরখাস্ত, ১০ জন অপসারিত, ৮৫ জনের পদোন্নতি আটকে আছে।
- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১২ জন বরখাস্ত বা অপসারিত, ৩৪ জনের পদাবনতি বা কার্যক্রম সীমিত।
- শুধু একটি টেলিগ্রাম গ্রুপে থাকার "অপরাধে" ২২টি বিশ্ববিদ্যালয়ের অন্তত ৪০৪ জন শিক্ষক তদন্তের মুখে।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১২৬ জন শিক্ষার্থী সাময়িক বহিষ্কৃত, তাদের সনদ আটকে আছে।

▪️যে সময় ছিল ভিন্ন

অথচ এই দেশ দেখেছে অন্য এক সময়। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার আমলে ২০১৩ সালে ছাব্বিশ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হয়েছে। ২০১৫-র বেতনকাঠামোয় শিক্ষকের বেতন প্রায় দ্বিগুণ হয়েছে।

উচ্চশিক্ষায় দেশের প্রায় প্রতিটি অঞ্চলে গড়ে উঠেছে নতুন পাবলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট দরিদ্র মেধাবীদের পথ খুলেছে। বঙ্গবন্ধু ফেলোশিপে তরুণ গবেষকেরা পৌঁছেছেন বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে। গবেষণা অনুদান আর আধুনিক ল্যাবে সমৃদ্ধ হয়েছে উচ্চশিক্ষাঙ্গন।

শিক্ষক ও বুদ্ধিজীবীদের তিনি দেখেছেন জাতির বিবেক হিসেবে। বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে, টকশোর টেবিলে, পত্রিকার পাতায় সরকারের সমালোচনাও হয়েছে, ভিন্নমতের বইও লেখা হয়েছে। তবু মতপ্রকাশের দায়ে কোনো শিক্ষককে শ্রেণিকক্ষ থেকে গণহারে সরিয়ে দেওয়া হয়নি। একুশে ও স্বাধীনতা পদকে সম্মানিত হয়েছেন অসংখ্য শিক্ষাবিদ, লেখক ও শিল্পী। তাঁর কাছে মতের ভিন্নতা ছিল বিতর্কের বিষয়, বরখাস্তের কারণ নয়।

▪️নীরবতা নয়, জাগরণ

নীরবতাকে আজ অনেকে নিরাপদ আশ্রয় ভাবছেন। কিন্তু যে সহকর্মীর চেয়ার আজ শূন্য, যে কক্ষে আজ আর পাঠের শব্দ নেই, সেই শূন্যতা একদিন প্রতিটি দরজায় কড়া নাড়বে। প্রতিহিংসার তালিকা কখনো শেষ হয় না, শুধু দীর্ঘ হয়। প্রথম কণ্ঠটি রোধ হতে দেখে যে সমাজ চুপ থাকে, শেষ কণ্ঠটির জন্য সেখানে আর কেউ অবশিষ্ট থাকে না।

মুনীর চৌধুরী, ড. গোবিন্দ চন্দ্র দেব, জ্যোতির্ময় গুহঠাকুরতা, শহীদুল্লাহ কায়সার: এঁরা মৃত্যুকে বেছে নিয়েছিলেন, তবু বিবেক বন্ধক রাখেননি। তাঁদের রক্তে লেখা আছে মাথা উঁচু করে দাঁড়ানোর উত্তরাধিকার।

আজ সেই ঋণ শোধের সময়। ভয়ের কাছে মাথা নত করে নয়, সত্যের পাশে দাঁড়িয়ে। জাতির বিবেকগণ পরিণত হোক নিপীড়িত মানুষের কণ্ঠস্বরে। প্রতিবাদী কলম চলুক প্রবন্ধে-কলামে, একক কণ্ঠ মিলুক যৌথ বিবৃতিতে, প্রতিটি অবিচারের বিরুদ্ধে কড়া নাড়া হোক আদালতের দরজায়। আর শূন্য চেয়ারের মানুষটির পাশে দাঁড়ানো হোক। প্রতিটি পথই শান্তিপূর্ণ, প্রতিটিই প্রতিরোধ।

বিবেকের গলায় শিকল পরানো যায়, কিন্তু বিবেক জেগে উঠলে কোনো শিকল টেকে না।

খুঁজুন