মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় অতিরিক্ত সচিব পদায়নে ধীরগতি

অতিরিক্ত সচিব পদায়নে ধীরগতি

প্রশাসনে স্থবিরতার অভিযোগ

প্রশাসনের গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে অতিরিক্ত সচিবের একাধিক পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকলেও পদায়ন প্রক্রিয়া অস্বাভাবিকভাবে ধীরগতিতে চলছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, গণপূর্ত মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরে অতিরিক্ত সচিবের পদ খালি রয়েছে।

কিন্তু এসব পদে আগ্রহী ও যোগ্য কর্মকর্তাদের দ্রুত পদায়ন করা হচ্ছে না। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক জটিলতার কারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এবং নীতিনির্ধারণী কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে। অনেক ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ওপর অতিরিক্ত কাজের চাপ সৃষ্টি হচ্ছে, যার ফলে সেবা কার্যক্রমেও ধীরগতি দেখা দিয়েছে। প্রশাসনের অভ্যন্তরে আরও গুরুতর অভিযোগ রয়েছে যে, সাম্প্রতিক সময়ে বদলি ও পদোন্নতি প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতি দেখা দিয়েছে।

 অভিযোগকারীদের দাবি, অনেক ক্ষেত্রে অর্থনৈতিক সমঝোতা ছাড়া বদলি বা পদোন্নতির আদেশ মিলছে না। ফলে যেসব কর্মকর্তা প্রভাবশালী মহলের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারছেন, তারাই কাঙ্ক্ষিত পদায়ন বা বদলির সুযোগ পাচ্ছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রশাসন সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, পদায়ন ও পদোন্নতি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে প্রশাসনের দক্ষতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আরও বাড়বে।

 একই সঙ্গে গুরুত্বপূর্ণ পদগুলো দীর্ঘদিন শূন্য থাকলে সরকারি কার্যক্রমের গতি ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, প্রশাসনের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে শূন্য পদগুলোতে দ্রুত ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করা জরুরি। পাশাপাশি বদলি ও পদোন্নতি প্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তেরও দাবি জানিয়েছেন তারা।

খুঁজুন