শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
রাজবাড়ীর গোয়ালন্দে ছিনতাইকালে বিদেশি পিস্তলসহ আটক ৩ • বিনা খরচে মালয়েশিয়া: প্রথম ধাপের ১১২ কর্মীর মধ্যে পৌঁছলেন ১০৩ জন • গজারিয়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পাবেন ৫ হাজার রোগী • কিশোরগঞ্জ-৩: উপনির্বাচনেও জামায়াতের প্রার্থী জেহাদ খান • ক্রাইস্টচার্চে ব্যাট-বলের দারুণ লড়াইয়ে কিছুটা এগিয়ে কিউইরা • গণভোটের রায় মেনে নিলেই জাতীয় ঐক্য তৈরি হবে • হোয়াটসঅ্যাপের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ফোনের তথ্য চুরির শঙ্কা • পাকিস্তানের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ • ডার্ট মিশনে গ্রহাণুর বুকে স্টেডিয়ামের সমান গর্ত তৈরি হয়েছে: ইএসএ • ম্যাগী ও সিঙ্গার বাংলাদেশের মধ্যে চুক্তি সই
দেশের খবর রাজবাড়ীর গোয়ালন্দে ছিনতাইকালে বিদেশি পিস্তলসহ আটক ৩

রাজবাড়ীর গোয়ালন্দে ছিনতাইকালে বিদেশি পিস্তলসহ আটক ৩

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে ইজিবাইকের এক নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টাকালে বিদেশি পিস্তলসহ তিনজনকে আটক করেছে স্থানীয়রা। এ সময় তাঁদের কাছ থেকে একটি ম্যাগাজিন ও গুলিবিহীন বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত আরও তিনজন পালিয়ে গেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের বিশ্বনাথপাড়া এলাকায় লুৎফর করিম টিটুর বাড়ির সামনে বেড়িবাঁধের পাকা সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছয়জনের একটি দল নির্জন স্থানে পিস্তল দেখিয়ে একটি ইজিবাইকের গতিরোধ করে। এ সময় ওই গাড়িতে থাকা এক নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় সড়ক দিয়ে যাওয়া একটি প্রাইভেট কারের যাত্রীরা ছিনতাইকারীদের ধাওয়া করে তিনজনকে আটক করেন। পরে তাঁদের পুলিশে সোপর্দ করার জন্য খবর দেওয়া হয়। বাকি তিনজন পালিয়ে যায়।

খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের হেফাজতে নেয়। এ সময় সেখান থেকে একটি ম্যাগাজিন ও ‘TFT 45217’ এবং ‘PT 809’ লেখা গুলিবিহীন বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পাশাপাশি ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ ৩২-০৮২৪ নম্বরের একটি সাদা প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন ফরিদপুরের সদরপুর উপজেলার শ্যামপুর/মটকচর গ্রামের দবির উদ্দিনের ছেলে জুয়েল উদ্দিন (২৩), একই উপজেলার আমিরাবাদ গ্রামের আ. আলিমের ছেলে মো. জাহিদ (৩২) এবং ফরিদপুর কোতোয়ালি থানার পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বায়তুল আমান এলাকার আনোয়ার শেখের ছেলে মো. রাতুল শেখ (২২)।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খুঁজুন